জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মিত একটি স্মারক তোরণে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। তোরণটি নির্মাণের কয়েক ঘণ্টার মধ্যেই এ ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেলে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ১ নম্বর গেটের দক্ষিণ পাশে কিছুটা দূরে স্মারক তোরণটি নির্মাণ করে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ ও আহতদের স্মরণে তোরণটি নির্মাণের পাশাপাশি দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করা হয়।
স্থানীয়দের ভাষ্য, শনিবার সন্ধ্যার পর কে বা কারা তোরণটিতে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তোরণের নিচের অংশ আংশিক পুড়ে যায়।
ঘটনার পরও কৌতূহলী মানুষ সেখানে ভিড় করেন। অনেকে তোরণে লেখা বার্তা পড়েন এবং ক্ষতিগ্রস্ত অংশ দেখেন। তবে প্রকাশ্যে এ বিষয়ে মন্তব্য করতে খুব কম মানুষকেই দেখা গেছে।
এ ঘটনায় জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন লাগানোর বিষয়ে প্রশাসনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো এক দিনের ঘটনা নয়; এটি দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ফল এবং নিপীড়িত মানুষের বিজয়ের প্রতীক।
তিনি আরও বলেন, আন্দোলনের মুখে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। দীর্ঘ সময় মানুষ নির্যাতন, গুম, হত্যা ও ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এখন মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে এবং সেই ভোটেই তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছেন।
সময়ের আলো/এসএকে