ডারউইনে তাইজুলদের স্বস্তির হাসি

ক্রীড়া প্রতিবেদক

খেলা

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। কঠিন এই সফরকে সামনে রেখে ইতিমধ্যেই প্রথম টেস্টের ভেন্যু ডারউইনে

2026-08-04T02:57:32+00:00
2026-08-04T02:57:32+00:00
 
  মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
খেলা
ডারউইনে তাইজুলদের স্বস্তির হাসি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ২:৫৭ এএম 
ডারউইনে পৌঁছেই অনুশীলনে নেমে পড়েছেন তাইজুল-খালেদ-মুশফিকরা। ছবি : সংগৃহীত
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। কঠিন এই সফরকে সামনে রেখে ইতিমধ্যেই প্রথম টেস্টের ভেন্যু ডারউইনে প্রস্তুতি শুরু করেছে প্রথম বহরে থাকা নাজমুল হোসেন শান্তর দল। 

প্রথম দিনের অনুশীলন শেষে সন্তুষ্টি প্রকাশ করেছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তার মতে, ডারউইনে অনুশীলনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা থাকায় প্রস্তুতিটা দারুণভাবেই শুরু হয়েছে। দীর্ঘ বিমানযাত্রার পর ট্রানজিটে পর্যাপ্ত বিশ্রাম পাওয়ায় ক্রিকেটারদের মধ্যেও ক্লান্তির ছাপ নেই বলে জানিয়েছেন তিনি।

২০০৩ সালের পর এবারই প্রথম অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। সবশেষ সফরে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। সেই সফরের প্রথম টেস্টও হয়েছিল ডারউইনে, যেখানে ইনিংস ও ১৩২ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

মজার বিষয় হলো, বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট দিয়েই ২০০৩ সালে টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হয়েছিল ডারউইনের। এরপর সেখানে আর মাত্র একটি টেস্ট অনুষ্ঠিত হয়েছে। ২০০৪ সালে একই মাঠে শ্রীলঙ্কাকে ১৪৯ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। এরপর দীর্ঘ সময় আর কোনো টেস্ট আয়োজন করেনি এই ভেন্যু। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত ভিডিও বার্তায় তাইজুল জানান, ডারউইনে প্রথম দিনের অনুশীলন নিয়ে দলের সবাই বেশ সন্তুষ্ট। তিনি বলেন, ‘আমরা এখানে যে ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছি তাতে সবকিছু মিলিয়ে ভালো প্রস্তুতি হয়েছে। আলহামদুলিল্লাহ প্রথম দিনের অনুশীলন ভালো হয়েছে। এখানে সব সুযোগ-সুবিধা খুব ভালো। উইকেট, ফিল্ডিং অনুশীলন থেকে শুরু করে রানিং, সব ধরনের অ্যাকটিভিটি আমরা এখানে করতে পেরেছি।’ 

বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় যাওয়ার পথে দীর্ঘ যাত্রা থাকলেও মাঝপথে একটি ট্রানজিট ছিল দলের। সেই বিরতিতে পর্যাপ্ত বিশ্রাম পাওয়ায় ক্লান্তি কাটিয়ে দ্রুত অনুশীলনে ফিরতে পেরেছেন ক্রিকেটাররা। এ প্রসঙ্গে তাইজুল বলেন, ‘বাংলাদেশ থেকে যাত্রাটা ভালো ছিল। কারণ আসার সময় আমরা একটা ট্রানজিট পেয়েছি। ট্রানজিটে যথেষ্ট বিশ্রাম পাওয়া গেছে।’


সূচি অনুযায়ী আগামী ৫ আগস্ট পর্যন্ত ডারউইনে অনুশীলন করবে বাংলাদেশ দল। এরপর ৬ আগস্ট থেকে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা, যা মূল সিরিজের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ হয়ে উঠবে।

প্রস্তুতি ম্যাচ শেষে ৯ থেকে ১২ আগস্ট পর্যন্ত আবারও অনুশীলনে ব্যস্ত থাকবে শান্ত-তাইজুলরা। এরপর ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২২ আগস্ট ম্যাকাইয়ে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত মোট ছয়টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে পাঁচটিতে হারলেও একটি ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। ২০১৭ সালের আগস্টে মিরপুরে ২০ রানের ঐতিহাসিক জয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়েছিল বাংলাদেশ। দুই ম্যাচের সেই সিরিজ ১-১ সমতায় শেষ করে ইতিহাস গড়েছিল স্বাগতিকরা।

এবার ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। ডারউইনের প্রথম অনুশীলনে স্বস্তির বার্তা মিললেও, প্রকৃত পরীক্ষা শুরু হবে ১৩ আগস্ট, যখন শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে শান্তর দল।


সময়ের আলো/প্রিন্ট/এমকে


  বিষয়:   ক্রিকেট  বিসিবি  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: