ওমানের কাছে জাহাজে হামলা, হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ওমানের উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত একটি বস্তুর (প্রজেক্টাইল) আঘাতের ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, হরমুজ

2026-08-04T12:40:37+00:00
2026-08-04T12:40:37+00:00
 
  মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
ওমানের কাছে জাহাজে হামলা, হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১২:৪০ পিএম 
ওমানের কাছে জাহাজে হামলা। ছবি : গালফ নিউজ
ওমানের উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত একটি বস্তুর (প্রজেক্টাইল) আঘাতের ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, হরমুজ প্রণালীর কাছাকাছি এই ঘটনার পর গুরুত্বপূর্ণ নৌপথটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, সোমবার (৩ আগস্ট) রাতে ওমানের আল খাসাব এলাকার প্রায় ২০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে একটি কার্গো জাহাজে অজ্ঞাত একটি প্রজেক্টাইল আঘাত হানে। সংস্থাটি ঘটনাটিকে হামলা হিসেবে চিহ্নিত করে সতর্কতা জারি করেছে।   

জাহাজটি রেডিও বার্তার মাধ্যমে জানায় যে, তারা আঘাতের শিকার হয়েছে। তবে জাহাজটির পরিচয়, কোন দেশের পতাকাবাহী, কতটা ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছে কি না— এসব বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। এ ঘটনার দায়ও কোনো পক্ষ স্বীকার করেনি।

ইউকেএমটিও জানিয়েছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে ওই এলাকার জাহাজগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে এবং কোনো সন্দেহজনক ঘটনা দেখলে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। 


হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। বিশ্বব্যাপী তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়। তাই এখানে যেকোনো নিরাপত্তা ঝুঁকি আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে।

এর আগে, একই এলাকায় আরও কয়েকটি নিরাপত্তা ঘটনার খবর পাওয়া গেছে। ২ আগস্ট একটি তেলবাহী জাহাজের কাছাকাছি বিস্ফোরণের শব্দ শোনা যায়, তবে জাহাজ ও ক্রুরা নিরাপদ ছিল।

এছাড়া ১ আগস্ট আরেকটি ট্যাংকার অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এতে জাহাজের ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একই দিনে আরেকটি জাহাজের কাছে বিস্ফোরণের মতো ঘটনা ঘটলেও সেটি ক্ষতিগ্রস্ত হয়নি। 

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীর আশপাশে এসব ঘটনার কারণে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   ওমান  জাহাজ  হামলা  হরমুজ প্রণালী 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: