পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সস্তা রাজনীতি ও বিভাজনের সুযোগ নিয়ে ফ্যাসিস্ট শক্তি যাতে পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। সে বিষয়ে সব রাজনৈতিক দলকে সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় তিনি ক্যাম্পাসে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ পরিবেশের তিনি উচ্চ প্রশংসা করেন।
বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও কারাবাসের অভিজ্ঞতার কথা তুলে ধরে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ধরনের অপ্রয়োজনীয় বিভাজন বা সংঘাত তৈরি হলে তা ফ্যাসিবাদের পুনরুত্থানের পথ সুগম করবে।
বর্তমান সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কোনো ধরনের বৈরিতা বা দ্বন্দ্ব না থাকার বিষয়টি অত্যন্ত ইতিবাচক উল্লেখ করে তিনি আরও বলেন, এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও পারস্পরিক বোঝাপড়া দেশের অন্যান্য অঞ্চলের জন্যও একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও শহীদদের আত্মত্যাগ জাতি গঠনে সঠিকভাবে ধারণ করার ওপর তিনি বিশেষ জোর দেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ২৪-এর গণ-অভ্যুত্থানের চেতনাকে জীবিত রাখতে হলে বিভাজন ভুলে সবাইকে একযোগে কাজ করতে হবে। বৈচিত্র্যের নামে কোনো অনৈক্য তৈরি না করে পারস্পরিক শিষ্টাচার চর্চার মাধ্যমে একটি সুন্দর ও সাম্যভিত্তিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী, জাকসু (জাকসু) নেতারা এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/জোই