ইসলামে রিজিকের ব্যাখ্যা ও বিস্তৃতি

মোহাম্মদ মাসুম রেজা

ইসলাম

রিজিক শব্দটি উচ্চারিত হলেই আমাদের অধিকাংশের মনে ভেসে ওঠে অর্থ-সম্পদ, চাকরি কিংবা জীবিকার কথা। অথচ ইসলামের দৃষ্টিতে রিজিকের ধারণা এত

2026-08-10T16:48:06+00:00
2026-08-10T16:49:09+00:00
 
  সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ১০ আগস্ট ২০২৬
ইসলাম
ইসলামে রিজিকের ব্যাখ্যা ও বিস্তৃতি
মোহাম্মদ মাসুম রেজা
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৪:৪৮ পিএম  আপডেট: ১০.০৮.২০২৬ ৪:৪৯ পিএম
গ্রাফিক : সময়ের আলো
রিজিক শব্দটি উচ্চারিত হলেই আমাদের অধিকাংশের মনে ভেসে ওঠে অর্থ-সম্পদ, চাকরি কিংবা জীবিকার কথা। অথচ ইসলামের দৃষ্টিতে রিজিকের ধারণা এত সংকীর্ণ নয়; বরং মানুষের অস্তিত্ব, জীবনযাপন ও কল্যাণের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি অনুগ্রহই রিজিকের অন্তর্ভুক্ত। সুস্থ দেহ, প্রশান্ত মন, ঈমান, জ্ঞান, সময়, পরিবার, প্রজ্ঞা, উত্তম চরিত্র- এসবও আল্লাহ তায়ালার অমূল্য রিজিক। 

অর্থ-সম্পদ তার একটি অংশমাত্র। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘পৃথিবীতে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই, যার রিজিকের দায়িত্ব আল্লাহর ওপর নয়’ (সুরা হুদ : ৬)। অন্যত্র তিনি ঘোষণা করেন, ‘নিশ্চয়ই আল্লাহই সর্বোত্তম রিজিকদাতা, তিনি মহাশক্তিধর, পরাক্রমশালী’ (সুরা জারিয়াত : ৫৮)। 

এই আয়াতগুলো আমাদের শেখায়, রিজিক কেবল মানুষের উপার্জনের ফল নয়; বরং মহান রবের নির্ধারিত অনুগ্রহ, যা তিনি নিজ হিকমত অনুযায়ী তাঁর বান্দাদের মধ্যে বণ্টন করেন।

ইসলামি পরিভাষায় রিজিক বলতে এমন সব বৈধ নেয়ামতকে বোঝায়, যার মাধ্যমে মানুষ উপকৃত হয় এবং জীবন পরিচালনার শক্তি লাভ করে। আলেমগণ উল্লেখ করেছেন, যে বিষয় মানুষের উপকার সাধন করে কিংবা সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষা করে, সেটিও রিজিকের অন্তর্ভুক্ত। 

তাই খাদ্য, পানি, বাতাস, আলো, বাসস্থান, পোশাক, সন্তান, অর্থ-সম্পদ, শারীরিক শক্তি কিংবা বৃষ্টিপাত যেমন দৃশ্যমান রিজিক; তেমনি হেদায়েত, ঈমান, দ্বীনের জ্ঞান, আত্মিক প্রশান্তি, তাওয়াক্কুল, ধৈর্য, প্রজ্ঞা, সময়ের বরকত, উত্তম বন্ধু, সৎ পরিবার এবং নেক আমলের তওফিকও আল্লাহর বিশেষ রিজিক।

দুঃখজনক হলেও সত্য, আমরা প্রায়ই রিজিককে কেবল অর্থের সঙ্গে সম্পর্কিত করি। ফলে অন্যের সম্পদ দেখে হীনমন্যতায় ভুগি, নিজের প্রাপ্ত নেয়ামতগুলোকে অবহেলা করি। অথচ যে ব্যক্তি সুস্থ শরীর নিয়ে ঘুম থেকে ওঠে, নিরাপদে চলাফেরা করতে পারে, পরিবারকে পাশে পায়, ইবাদতের তওফিক লাভ করে কিংবা মানুষের উপকার করার সুযোগ পায়- সে প্রতিদিন অসংখ্য রিজিকের মধ্যে জীবনযাপন করছে। 


কিন্তু এসবের জন্য কতজনই বা আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি? কুরআনে মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তায়ালা বলেন, ‘আমি তাদের যে রিজিক দিয়েছি, তা থেকেই তারা ব্যয় করে’ (সুরা আল-বাকারা : ৩)। 

এখানে ব্যয় বলতে কেবল অর্থ দানকেই বোঝানো হয়নি, বরং আল্লাহর দেওয়া প্রতিটি নেয়ামত তাঁর সন্তুষ্টির পথে ব্যবহার করাই প্রকৃত ইনফাক।

আল্লাহ আমাদের প্রতিদিন চব্বিশ ঘণ্টা সময় দান করেন। সেই সময়ের একটি অংশ সালাত, কুরআন তেলাওয়াত, জ্ঞানার্জন কিংবা মানুষের কল্যাণে ব্যয় করাও রিজিক থেকে ব্যয় করা। একইভাবে পরিবারের হালাল ভরণপোষণের জন্য পরিশ্রম, নিজের মেধা দিয়ে সমাজকে উপকৃত করা, কাউকে সঠিক পথের দিশা দেওয়া কিংবা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়াও আল্লাহর দেওয়া শক্তি ও সামর্থ্যরে যথাযথ ব্যবহার। যাকে জ্ঞান দেওয়া হয়েছে, তার জন্য সেই জ্ঞান মানুষের কল্যাণে কাজে লাগানো ইনফাক; যাকে প্রভাব-প্রতিপত্তি দেওয়া হয়েছে, তার জন্য ন্যায় প্রতিষ্ঠায় তা ব্যবহার করাই ইনফাক; আর যাকে আত্মীয়স্বজনের নেয়ামত দেওয়া হয়েছে, তার জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাও আল্লাহর দেওয়া রিজিকের যথার্থ মূল্যায়ন।

রিজিক সম্পর্কে ইসলামের এই বিস্তৃত দৃষ্টিভঙ্গি মানুষের অন্তরে এক অনন্য মানসিক ভারসাম্য সৃষ্টি করে। তখন সে বুঝতে শেখে, মানুষের প্রকৃত সম্পদ শুধু ব্যাংক-ব্যালেন্স নয়; বরং সুস্থতা, ঈমান, সময়, জ্ঞান, পরিবার, উত্তম চরিত্র এবং আল্লাহর সন্তুষ্টিই তার সবচেয়ে বড় প্রাপ্তি। ফলে লোভ, ঈর্ষা ও অকারণ হতাশা অনেকাংশে দূর হয়ে যায় এবং তার স্থলে জন্ম নেয় কৃতজ্ঞতা, সন্তুষ্টি ও তাওয়াক্কুল।


মুমিনের জীবনে রিজিকের প্রকৃত দর্শন হলো হালাল উপায়ে জীবিকা অর্জনের সর্বোচ্চ চেষ্টা করা, ফলাফলের ব্যাপারে আল্লাহর ওপর ভরসা রাখা এবং তাঁর দেওয়া প্রতিটি নেয়ামতের যথাযথ ব্যবহার নিশ্চিত করা। কারণ রিজিকের প্রকৃত প্রাচুর্য সম্পদের আধিক্যে নয়; বরং আল্লাহর দেওয়া নেয়ামতের বরকত, সন্তুষ্টি এবং সেসবের জন্য আন্তরিক শুকরিয়ায় নিহিত। যে ব্যক্তি এই সত্য উপলব্ধি করতে পারে, তার কাছে জীবনের প্রতিটি দিনই মহান রবের অসংখ্য রিজিকের এক নতুন উপহার হয়ে ধরা দেয়।

লেখক : শিক্ষার্থী, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সময়ের আলো/এসএকে



  বিষয়:   ইসলাম  রিজিক  ব্যাখ্যা  বিস্তৃতি  সময়ের আলো 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: