ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গভীর রাতে একই সঙ্গে দুটি গ্রামের মসজিদের বিদ্যুৎ সংযোগ ট্রান্সফরমার খুলে ভেতরের মূল্যবান সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার (৯ আগস্ট) গভীর রাতে উপজেলার টিঘরিয়া ও নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, অতিরিক্ত লোডশেডিংয়ের সুযোগে টিঘরিয়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে খুঁটিতে থাকা ট্রান্সফরমারটি খুলে এর ভেতরের বিভিন্ন সরঞ্জাম নিয়ে বক্স ও অন্যান্য অংশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
এতে ট্রান্সফরমারের আওতাধীন টিঘরিয়া কেন্দ্রীয় মসজিদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে ফজরের নামাজের সময় বিপাকে পড়েন মুসল্লিরা।
একই রাতে উপজেলার নোয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের বিদ্যুৎ সংযোগের খুঁটিতে থাকা ট্রান্সফরমারও একই কায়দায় খুলে নেয় দুর্বৃত্তরা।
স্থানীয়দের দাবি, ওই ট্রান্সফরমার থেকে নোয়াপাড়া এলাকার বেশ কয়েকটি পরিবার বিদ্যুৎ সংযোগ পেত। ফলে ট্রান্সফরমার চুরির পর থেকে এসব পরিবারও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ঘটনার পর বিষয়টি কসবা জোনাল অফিসে জানানো হলে ডেপুটি জেনারেল ম্যানেজার, সদর জোনাল, কসবা মো. ফিরোজ হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে দ্রুত লোক পাঠাচ্ছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
একই রাতে দুটি মসজিদের বিদ্যুৎ সংযোগের ট্রান্সফরমার থেকে সরঞ্জাম চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগের সরঞ্জাম চুরির ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
সময়ের আলো/আতা