সন্তানের অসুস্থতা ও জন্মদিনের কারণে আদালতে উপস্থিত হতে পারেননি চিত্রনায়িকা পরীমনি। এ কারণে তার বিরুদ্ধে করা মাদক মামলায় অভিযোগ গঠনসংক্রান্ত শুনানি পেছানো হয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানির নতুন দিন ধার্য করেছেন আদালত।
সোমবার (১০ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে এ মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে পরীমনি উপস্থিত না হওয়ায় সময়ের আবেদন করেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী)।
আদালতে দাখিল করা আবেদনে বলা হয়, পরীমনির সন্তানকে টিকা দেওয়ার পর তার জ্বর হয়েছে। পাশাপাশি আজ তার সন্তানের জন্মদিন হওয়ায় পরীমনি আদালতে উপস্থিত হতে পারেননি। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ২৯ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেন। পরে পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ আনেন পরীমনি। এর কয়েক দিন পর ওই বছরের ৪ আগস্ট তার বাসায় অভিযান চালিয়ে মদ ও মাদক উদ্ধারের কথা জানায় র্যাব।
পরে তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। প্রায় এক মাস কারাগারে থাকার পর মুক্তি পান তিনি। ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ২০২২ সালের ৫ জানুয়ারি পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
মামলার অপর দুই আসামি হলেন পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং তার খালু কবীর হোসেন হাওলাদার।
মামলার বাদী র্যাব-১-এর কর্মকর্তা মজিবর রহমান আদালতে সাক্ষ্য দেওয়া শুরু করেন। তবে অভিযোগ গঠনের পর মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। ২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট রুল জারি করে পরীমনির ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরে উচ্চ আদালত থেকে মামলাটিতে আবার অভিযোগ গঠনের আদেশ আসে।
সময়ের আলো/ইউএমএইচ