মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাকালুকি হাওরপারের মানুষের চিকিৎসার অন্যতম ভরসা হাকালুকি উপস্বাস্থ্য কেন্দ্র। স্বাধীনতার আগে তালিমপুর ইউনিয়নের কানুনগোবাজার এলাকায় প্রতিষ্ঠিত এই স্বাস্থ্যকেন্দ্রটি তালিমপুর, সুজানগর ও দাসেরবাজার ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তবে দীর্ঘদিন ধরে জনবল সংকটে কেন্দ্রটির কার্যক্রম ব্যাহত হচ্ছে। অনুমোদিত পাঁচটি পদের মধ্যে চারটিই শূন্য। বর্তমানে একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দিয়ে কোনোমতে চলছে চিকিৎসাসেবা। তিনি ছুটিতে থাকলে বা অসুস্থ হলে অনেক সময় স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ থাকে বলে অভিযোগ স্থানীয়দের।
এলাকাবাসীর অভিযোগ, প্রায় পাঁচ বছর ধরে এখানে কোনো এমবিবিএস চিকিৎসক নেই। ফার্মাসিস্ট ও মিডওয়াইফের পদও শূন্য। প্রয়োজনীয় ওষুধও নিয়মিত পাওয়া যায় না। ফলে চিকিৎসার জন্য অনেককেই প্রায় ২০ কিলোমিটার দূরে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়।
হাওরপারের বাসিন্দাদের জন্য এই দূরত্ব পাড়ি দেওয়া বেশ কষ্টকর। বিশেষ করে বর্ষাকালে নৌপথের ওপর নির্ভর করতে হয়। এতে জরুরি চিকিৎসার প্রয়োজন হলেও সময়মতো হাসপাতালে পৌঁছানো কঠিন হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, একসময় এই স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল ছিল। তখন আশপাশের মানুষ সহজেই চিকিৎসা ও সরকারি ওষুধ পেতেন। বর্তমানে চিকিৎসক ও অন্যান্য জনবল না থাকায় কেন্দ্রটির ওপর মানুষের আস্থা কমে যাচ্ছে।
চিকিৎসাসেবার পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রটির পরিবেশ নিয়েও অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ ও নজরদারি না থাকায় সন্ধ্যার পর কেন্দ্রের আশপাশে বখাটেদের আড্ডা বসে। কোথাও কোথাও মলমূত্র ত্যাগের ঘটনাও ঘটে। এতে স্বাস্থ্যকেন্দ্রটির পরিবেশ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এসব সমস্যা সমাধানে গত ৩ আগস্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে শতাধিক এলাকাবাসীর স্বাক্ষরিত লিখিত আবেদন দেওয়া হয়েছে।
আবেদনে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ, নিয়মিত চিকিৎসকের উপস্থিতি, পর্যাপ্ত ওষুধ সরবরাহ এবং সরকারি ওষুধ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ নিয়ে ওঠা অভিযোগ তদন্তেরও দাবি করা হয়েছে।
স্থানীয়রা স্বাস্থ্যকেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি বিভাগ চালু এবং প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একজন এমবিবিএস চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত কর্মস্থলে উপস্থিতি এবং স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রমে মনিটরিং বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার বলেন, হাকালুকি উপস্বাস্থ্য কেন্দ্রে একজন এমবিবিএস মেডিকেল অফিসারসহ মোট পাঁচটি অনুমোদিত পদ রয়েছে। এর মধ্যে একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কর্মরত আছেন। বাকি চারটি পদই দীর্ঘদিন ধরে শূন্য।
তিনি বলেন, জনবল সংকট নিরসনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি গভীর নলকূপ ও সীমানাপ্রাচীর নির্মাণসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের বিষয়টিও জানানো হয়েছে।
সময়ের আলো/এসএকে