নওগাঁর মহাদেবপুরে আবাসিক এলাকায় হাঁসের খামার গড়ে তোলায় পরিবেশ দূষণসহ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে এলাকাবাসী। এ বিষয়ে প্রাণীসম্পদ কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন দফতরে অভিযোগ দিয়েও মিলছে না প্রতিকার।
স্থানীয়রা জানায়, মহাদেবপুর মধ্যবাজারের বাসিন্দা মো. ইভান মন্ডল কিছুদিন আগে খাজুর ইউপির বিলমোহাম্মদপুর গ্রামে আবাসিক এলাকায় একটি হাঁসের খামার গড়ে তোলেন। ঘনবসতিপূর্ণ এলাকায় খামারটি গড়ে তোলায় সেখান থেকে প্রতিনিয়ত তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। ফলে, পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। স্থানীয়রা স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাসও নিতে পারছেন না। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষজন রয়েছেন চরম স্বাস্থ্যঝুঁকিতে।
গ্রামবাসী ইভান মন্ডলকে খামারটি অন্যত্র সরিয়ে নেওয়ার অনুরোধ জানালে, তিনি তা কর্ণপাত না করে বলেন, ‘এমনটা হবেই। তোমাদের কী করার আছে করো।’
জনস্বাস্থ্যের সুরক্ষা ও পরিবেশ দূষণ রোধে খামারটি আবাসিক এলাকা থেকে দ্রুত অপসারণের দাবি জানান এলাকাবাসীরা।
এ বিষয়ে প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম রাব্বানী বলেন, ‘খামারটিকে কেন্দ্র করে কয়েকদিন আগে সেখানে ফৌজদারি অপরাধ সংঘটিত হওয়ায় বিষয়টি এখন থানা পুলিশ দেখছেন।’
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ‘বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ বলেন, ‘বিষয়টি নিয়ে প্রাণী সম্পদ কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জ কাজ করছেন। তবে, জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ে -এমন বিষয় থাকলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সময়ের আলো/মহু