সাতক্ষীরা কারাগার থেকে ২০২৪ সালের ৫ আগস্টে পালিয়ে যাওয়া চেক ডিজঅনার মামলার দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে শ্যামনগর থানা পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে মোজাম গাজী (৪৯) এবং নওয়াবেঁকী গ্রামের আবের গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী (৩৮)। এরমেধ্য মোজাম গাজী চেক ডিজঅনারের একটি মামলায় এক বছরের সাজা ভোগ করছিলেন। আর রফিকুল ইসলাম গাজী চেক ডিজঅনারের অন্য একটি মামলায় ১০ মাসের কারাদণ্ড ও ৯ লাখ ৮০ হাজার টাকা জরিমানা হয়েছিল।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি এলাকায় অভিযান চালিয়ে মোজাম গাজীকে এবং রাত সাড়ে ১০টার দিকে আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী এলাকা থেকে রফিকুল ইসলাম গাজীকে গ্রেফতার করা হয়। তারা দুজনই সাতক্ষীরা কারাগারের হাজতি ছিলেন।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাতক্ষীরা কারাগারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় কারাগারে বন্দি ৫৯৬ জনের মধ্যে ৫৮৭ জন পালিয়ে যান। পরদিন থেকে কয়েকদিনে কারাগারে ৫০০ জন বন্দি ফিরে আসেন। পলাতক ৮৭ জনের বিরুদ্ধে কারা কর্তৃপক্ষ মামলা করেন।
২০২৪ সালের ৫ আগস্ট সাতক্ষীরা কারাগারে হামলা ও ভাঙচুরের পর ৮৭ বন্দি পালিয়ে যান। তাদের বিরুদ্ধে ওই বছরের ১৫ আগস্ট মামলা করা হয়। পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ৪৬ জন গ্রেফতার হন। দীর্ঘদিন ৪১ জন পলাতক ছিলেন। তাদের মধ্যে সর্বশেষ এই দুজনকে গ্রেফতার করা হলো। ফলে কারাগার থেকে পালানো ৮৭ বন্দির মধ্যে এখন পর্যন্ত ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বাকি ৩৯ জন এখনো পলাতক রয়েছেন। এদের মধ্যে ২ জন ফাঁসির আসামি রয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রায় দু’বছর ধরে পলাতক দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। মোজাম গাজী (কয়েদী নং ২৫৩৫/২৪) এক মাস এবং রফিকুল ইসলাম (কয়েদী নং ৪২৫২) চার মাস কারাভোগের পর ২০২৪ সালের ৫ আগস্ট সাতক্ষীরা জেলা কারাগার ভাঙার সুযোগ নিয়ে পালিয়ে আত্মগোপনে চলে যায়। তারা দু’জন যথাক্রমে এক বছর এবং ১০ মাস সাজাপ্রাপ্ত আসামি।
তিনি আরও জানান, কারাগার থেকে পালিয়ে যাওয়ার কারণে একই বছরের ১৫ আগস্ট তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় জিআর ৩৬৯/২৪ মামলা রুজু করা হয়। বুধবার সকালে সাতক্ষীরা থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে। একই সঙ্গে কারাগার থেকে পালানো অন্য আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।
সময়ের আলো/জোই