চট্টগ্রামের ফটিকছড়িতে গত ৯ আগস্ট ঐতিহ্যবাহী বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মহল নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করেছে।
তবে সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধানমন্ত্রীর একান্ত আগ্রহেই এই পূর্বনির্ধারিত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাতে কুশল বিনিময়ের পাশাপাশি হেফাজতে ইসলামের পক্ষ থেকে ৯ দফার একটি দাবি প্রধানমন্ত্রীর কাছে লিখিতভাবে হস্তান্তর করা হয়। একই সঙ্গে ফটিকছড়িবাসীর দীর্ঘদিনের লালিত বেশ কিছু জনদাবিও শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়। এই উদ্যোগের ফলে পুরো উপজেলাবাসীর মনে নতুন আশার সঞ্চার হয়েছে।
একাধিক সূত্রে জানা গেছে, ফটিকছড়িবাসীর পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট একগুচ্ছ দাবি ‘শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ফাউন্ডেশন’-এর ব্যানারে আমিরের মাধ্যমে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। শুরুতে এ বিষয়ে আমির কিছুটা কুণ্ঠাবোধ করলেও পরবর্তীতে দাবিগুলো সংবলিত ফাইলে স্বাক্ষর করে তা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
সূত্রগুলো আরও জানায়, ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজান তথা উত্তর চট্টগ্রামের মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ২৫০ শয্যার একটি আধুনিক সরকারি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা, ফটিকছড়িতে ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ গ্রিড সাবস্টেশন স্থাপন এবং দুর্ঘটনা রোধসহ যোগাযোগ ব্যবস্থা সহজ করতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবি জানানো হয়েছে।
এ ছাড়া, পার্শ্ববর্তী খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাচ্ছোল গ্যাসক্ষেত্র থেকে উত্তোলিত সেমুতাং গ্যাসের ফটিকছড়িবাসী ব্যবহারের সুযোগ সৃষ্টি এবং তা স্থানীয় শিল্পায়ন ও উন্নয়নে কাজে লাগানোর জোরালো দাবিও আবেদনে উল্লেখ করা হয়।
সংশ্লিষ্টদের মতে, এই বৈঠককে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মনগড়া মন্তব্য ও অপপ্রচার চালানো হলেও মূল দাবিগুলোর গুরুত্ব ও যৌক্তিকতা অপরিসীম।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য মো. সরোয়ার আলমগীর এসব দাবির সত্যতা নিশ্চিত করে বলেন, ফটিকছড়িতে গ্যাস সংযোগ নিশ্চিত করা গেলে চা শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক শিল্পায়নে এক নতুন গতি আসবে। তাছাড়া আধুনিক হাসপাতাল, বিদ্যুৎ গ্রিড এবং চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। অপপ্রচারকারীরা অপপ্রচার চালাক, আমরা আমাদের উন্নয়নমূলক কাজ চালিয়ে যাব ইনশাআল্লাহ।
স্থানীয়রা মনে করছেন, এই অঞ্চলে গ্যাস সংযোগ ও প্রয়োজনীয় জ্বালানি সুবিধা নিশ্চিত করা গেলে নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠার সুবর্ণ সুযোগ তৈরি হবে এবং এলাকার বেকারত্ব দূর করে নতুন কর্মসংস্থানের পথ উন্মুক্ত হবে।
সময়ের আলো/জোই