মানিকগঞ্জে চিকিৎসকের স্বাক্ষর জাল করে মনগড়া মেডিকেল রিপোর্ট দেওয়ার অভিযোগে একটি ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটির প্যাথলজি সেন্টার সিলগালা করে দেওয়া হয়।
বুধবার (১২ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার ছবেদ মার্কেটের চতুর্থ তলায় অবস্থিত নিউ হাই কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
কর্তৃপক্ষের দাবি, প্রতিষ্ঠানটির প্যাথলজিস্ট লিটন দাস এমবিবিএস চিকিৎসক ডা. আশরাফুজ্জামানের স্বাক্ষর জাল করে মনগড়া মেডিকেল রিপোর্ট দিয়ে আসছিলেন।
এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে প্যাথলজি সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়।
এ বিষয়ে নিউ হাই কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডা. দেবেশ বলেন, যে অপরাধ হয়েছে, তা গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, চিকিৎসকের স্বাক্ষর জাল করে মনগড়া রিপোর্ট দেওয়ার প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং প্যাথলজি সেন্টার সিলগালা করা হয়েছে। একই সঙ্গে সব কাগজপত্র ও নিয়মকানুন মেনে এবং সিভিল সার্জন কার্যালয়ের সম্মতি নিয়ে প্রতিষ্ঠান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
সময়ের আলো/ইউএমএইচ