গাজীপুরের কালিয়াকৈরে বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ‘জেনারেল হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টার’ নামে একটি বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানকে জরিমানা ও চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার সাহেব বাজার এলাকার ওই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, স্বাস্থ্য দফতরের নিয়মনীতি তোয়াক্কা না করে জেনারেল হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারটি দীর্ঘদিন ধরে সেবা দিয়ে আসছিল। সার্বিক পর্যবেক্ষণে দেখা যায়, হাসপাতালটির স্বাস্থ্য অধিদফতরের হালনাগাদ লাইসেন্স নেই, নেই পর্যাপ্ত সংখ্যক পূর্ণকালীন চিকিৎসক ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স। এছাড়া, প্যাথলজি ল্যাব ও অপারেশন থিয়েটারেও নানা অনিয়ম চোখে পড়ে।
এসব অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সংক্রান্ত আইনে হাসপাতাল কর্তৃপক্ষকে নগদ ৫ হাজার টাকা জরিমানা ও চূড়ান্ত সতর্কবার্তা দেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে, আগামী ৭ কার্যদিবসের মধ্যে সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন ও পরিবেশ উন্নত না করলে হাসপাতালটি পুরোপুরি সিলগালা করে দেওয়ার চরম সতর্কতা ও নির্দেশ জারি করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদিয়া আক্তার মুনমুনসহ পুলিশ সদস্য কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার( ভূমি) কর্মকর্তা শামসুন নাহার শিলা বলেন, ‘অবৈধ বেসরকারি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’
সময়ের আলো/মহু