নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের চাপায় সূর্য দাস নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নড়াইল সদর উপজেলার মুলিয়া-বাহিরগ্রাম আঞ্চলিক সড়কের কোড়গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সূর্য দাস কোড়গ্রাম এলাকার বাসিন্দা সুমন দাসের ছেলে। তারা কোড়গ্রাম আবাসন প্রকল্পের একটি ঘরে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে বাহিরগ্রাম থেকে ছেড়ে আসা মুলিয়াগামী একটি ব্যাটারি চালিত ভ্যান কোড়গ্রাম এলাকায় পৌঁছায়। এ সময় শিশু সূর্য দাস হঠাৎ সড়কে চলে আসলে ভ্যানটি তাকে চাপা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হলে স্থানীয় ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু জানান, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। স্বজনদের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই