ঢাকঢোল পিটিয়ে জমি দখল দিল আদালত, কয়েক ঘণ্টায় তা কেড়ে নিলেন ইউপি সদস্য

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আদালতের নির্দেশে ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মাথায় সেই জমি পুনর্দখল করার অভিযোগ উঠেছে

2026-08-13T23:06:56+00:00
2026-08-13T23:06:56+00:00
 
  বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
সারাদেশ
ঢাকঢোল পিটিয়ে জমি দখল দিল আদালত, কয়েক ঘণ্টায় তা কেড়ে নিলেন ইউপি সদস্য
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১১:০৬ পিএম 
ঢাকঢোল পিটিয়ে জমি দখল দিল আদালত। ছবি : সময়ের আলো
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আদালতের নির্দেশে ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মাথায় সেই জমি পুনর্দখল করার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। আদালতকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এই বেদখলের ঘটনাটি ঘটেছে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের ধাইজান এলাকায়। অভিযুক্ত হাসিবুল ইসলাম ওই ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য।

আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া মৌজার ১৫৫ নম্বর খতিয়ানের ২২৪৪ নম্বর দাগের ৫৫ শতক জমির মালিকানা নিয়ে স্থানীয় আশরাফুল ইসলাম গংদের সঙ্গে ইউপি সদস্য হাসিবুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। 

ভুক্তভোগী আশরাফুল ইসলামের দাবি, তার বাবা মৃত সখিন আলী ১৯৭১ সালে জমিটি ক্রয় করেন। জমির দখল নিয়ে বিরোধ দেখা দিলে ২০১৫ সালে তিনি বাটোয়ারা মামলা করেন এবং ২০১৮ সালে আদালতের ডিক্রি লাভ করেন।


আইনি প্রক্রিয়া শেষে গত ১০ আগস্ট পঞ্চগড় সিভিল আদালতের নির্দেশে আদালতের জারিকারক গিয়াসউদ্দিন, পুলিশ ও সার্ভেয়ারের উপস্থিতিতে ঢাকঢোল বাজিয়ে এবং লাল নিশান উড়িয়ে প্রকৃত মালিক হিসেবে আশরাফুল ইসলাম গংদের জমির দখল বুঝিয়ে দেওয়া হয়।

তবে ভুক্তভোগীদের অভিযোগ, আদালতের প্রতিনিধিরা চলে যাওয়ার কয়েক ঘণ্টা পরেই গভীর রাতে ইউপি সদস্য হাসিবুল ইসলাম তার দলবল নিয়ে জমিতে প্রবেশ করে আদালতের লাগানো লাল নিশান ও সীমানা খুঁটি উপড়ে ফেলেন। পরদিন সকালে প্রায় ৪০-৪৫ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসী কায়দায় জমিতে রোপণ করা চারা নষ্ট করে পুনরায় দখল নেন।

এসময় বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী আশরাফুল ইসলাম, আবুবক্কর সিদ্দিক ও ফারুক হোসেন।

ভুক্তভোগী আশরাফুল ইসলাম বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনি লড়াই করে আদালতের মাধ্যমে দখল বুঝে পেলাম। কিন্তু ইউপি সদস্য যেভাবে প্রকাশ্য দিবালোকে আদালতের আদেশ অমান্য করে জমি দখল নিলেন, তাতে আমরা স্তম্ভিত। আমরা আইনের কাছে এই ধৃষ্টতার বিচার চাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।


এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য হাসিবুল ইসলাম মোবাইল ফোনে বলেন, বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নিতে তিনি পঞ্চগড় আদালতে অবস্থান করছেন বলেও জানান।

তবে তার পরিবার জানান, জমির প্রকৃত মালিক আমরা। কেন এবং কীভাবে তারা আদালতের রায় নিয়ে আমাদের জমিতে ঢাকঢোল পিটিয়ে লাল নিশান লাগালো তা বুঝতে পারছি না। আমাদের জমি আমরা দখল নিয়েছি। 

আদালতের মাধ্যমে বুঝিয়ে দেওয়া জমি এভাবে পরদিনই বেদখল হয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এমন ঘটনা আইনের শাসনের প্রতি সাধারণ মানুষের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলবে। ভুক্তভোগী পরিবারটি এখন প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   ঢাকঢোল পিটিয়ে  জমি দখল  আদালত  ইউপি সদস্য  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: