ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি (ডিসিডিএস)-এর উদ্যোগে শুক্রবার (১৪ আগস্ট) শুরু হচ্ছে ‘ডিসিডিএস ৫ম জাতীয় বিতর্ক উৎসব’। সকাল ৯টায় ঢাকা কলেজ ক্যাম্পাসে দুই দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
জাতীয় এ বিতর্ক উৎসবে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৬৪টি দল অংশ নেবে। এর মধ্যে স্কুল-কলেজ পর্যায়ে ৩২টি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩২টি দল রয়েছে।
আয়োজকরা জানান, দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় পর্যায়ের এ বিতর্ক উৎসব প্রাণবন্ত হয়ে উঠবে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিবোধ, চিন্তাশক্তি ও উপস্থাপনা দক্ষতা বিকাশের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগের সুযোগ তৈরি হবে।
ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক জিহাদ হোসাইন বলেন, ‘মত প্রকাশের শিল্পই একজন মানুষকে কেবল একজন বক্তা নয়, বরং মানুষের মধ্যে একজন শিল্পীর মর্যাদা এনে দেয়। বিতর্ক শুধু কথা বলার দক্ষতা শেখায় না, বরং মানুষকে যুক্তিবাদী, সহনশীল, শ্রদ্ধাশীল ও গণতান্ত্রিক হতে শেখায়।’
ডিসিডিএসের সভাপতি আজিজুর রহমান পাভেল বলেন, ‘পঞ্চমবারের মতো ডিসিডিএস জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করছে। আমরা বিশ্বাস করি, বিতর্ক এমন একটি অস্ত্র, যা সমাজের অসংগতিগুলো তুলে ধরতে পারে। ডিসিডিএস সবসময় মুক্তবুদ্ধির চর্চা করে থাকে।’
ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস বলেন, ‘শুক্রবার ও শনিবার স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৪টি দল অংশ নেবে। জাতীয় এ প্রতিযোগিতায় ঢাকা কলেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবার অংশগ্রহণে প্রতিযোগিতাটি উৎসবমুখর হয়ে উঠবে।’
আয়োজন সফল করতে অংশগ্রহণকারী বিতার্কিক, বিচারক, অতিথি ও সংশ্লিষ্ট সবাইকে ঢাকা কলেজে স্বাগত জানিয়েছেন আয়োজকরা। দুই দিনব্যাপী এ আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক সময়ের আলো।
সময়ের আলো/জেডি