যুদ্ধের ময়দানে নিখোঁজ বলে এত দিন যাদের নিয়ে ধোঁয়াশা ছিল, সেই তিন ইরানি পাইলটকে কাতার বন্দি করে রেখেছে বলে দাবি করেছে তেহরান। ছয় মাস ধরে আটক থাকা ওই পাইলটদের মুক্ত করতে আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) হস্তক্ষেপ চেয়েছে ইরান।
ইরানি সশস্ত্র বাহিনীর জেনারেল মোহাম্মদ বাঘেরজাদেহ এ তথ্য নিশ্চিত করেছেন বলে দেশটির সংবাদ সংস্থা ফারস নিউজ জানিয়েছে।
বাঘেরজাদেহ জানান, যুদ্ধের সময় ইরানের তিনটি এসইউ-২৪ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর কাতারি বাহিনী তিন পাইলটকে জীবিত আটক করে। তারা হলেন—জাভেদ সালেহি, আবদুল মজিদ দাস্তিয়ানা এবং ওমরান বেহরাবেশিয়ান।
আন্তর্জাতিক রেডক্রস কমিটিকে পাঠানো এক চিঠিতে বাঘেরজাদেহ অভিযোগ করেন, ওই তিন পাইলটকে গত ছয় মাস ধরে কাতার আটক করে রেখেছে। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ কিংবা সাক্ষাতের সুযোগও দেওয়া হচ্ছে না। দ্রুত তাদের মুক্তি নিশ্চিত করতে রেডক্রসের সহায়তা কামনা করেন তিনি।
এর আগে গত মাসে ইরানি সেনাবাহিনী জানিয়েছিল, মজিদ কাজমি নামে আরও এক পাইলটের মরদেহ উদ্ধার করা হয়েছে। মার্চের শুরুতে কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে হামলার সময় তিনি নিহত হন বলে জানানো হয়।
ইরান এত দিন ওই তিন পাইলটকে নিখোঁজ বলে উল্লেখ করে আসছিল। তারা কাতারের হাতে বন্দি রয়েছেন—এ তথ্য এবারই প্রথম প্রকাশ্যে জানাল তেহরান।
কাতারের আল উদেইদ বিমানঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। সেখানে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) ফরোয়ার্ড কম্পোনেন্ট, বিমানবাহিনী এবং বিশেষ অভিযান বাহিনীর কার্যক্রম পরিচালিত হয়। যুদ্ধের সময় ঘাঁটিটি ইরানের অন্যতম লক্ষ্যবস্তু ছিল বলে ধারণা করা হয়।
তবে ইরানের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত কাতার কিংবা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সময়ের আলো/এসএকে