বিদেশে নেওয়ার নামে অপহরণ, আটক ৩

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে নিলয় শিকদার (৩৫) নামে যুবককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে একটি চক্রের ৩ সদস্যকে আটক করেছে

2026-08-16T21:50:09+00:00
2026-08-16T21:51:40+00:00
 
  রবিবার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
সারাদেশ
বিদেশে নেওয়ার নামে অপহরণ, আটক ৩
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৯:৫০ পিএম  আপডেট: ১৬.০৮.২০২৬ ৯:৫১ পিএম
মূল হোতা ফেরদৌস উর রহমান। ছবি : সময়ের আলো
বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে নিলয় শিকদার (৩৫) নামে যুবককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে একটি চক্রের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাব-১০। একইসঙ্গে ফরিদপুর থেকে শিকলবন্দি অবস্থায় ভুক্তভোগী যুবককে উদ্ধার করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে কেরানীগঞ্জে র‌্যাব-১০ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

আটকরা হলেন- ফেরদৌস উর রহমান (৪২), মহুয়া আহমেদ (৩২) ও এস এম মনোয়ার (৩৬)। তাদের মধ্যে ফেরদৌসকে চক্রটির প্রধান সমন্বয়ক হিসেবে দাবি করছে র‌্যাব।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি ও র‌্যাব-১০ এর অধিনায়ক মো. আসাদুজ্জামান জানান, বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে নিলয় শিকদারের কাছ থেকে কয়েক ধাপে প্রায় ৫ লাখ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নেওয়া হয়। পরে প্রতিশ্রুতি অনুযায়ী বিদেশে না পাঠিয়ে ৬ আগস্ট তাকে অপহরণ করা হয়।


র‌্যাবের তথ্য অনুযায়ী, অপহরণের পর নিলয়কে ফরিদপুরের একটি বাসায় আটকে রাখা হয়। পরিবারের সদস্যদের কাছে ফোন করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।

প্রিয়জনকে জীবিত ফেরত পাওয়ার আশায় পরিবারের সদস্যরা বিভিন্ন মোবাইল ব্যাংকিং নম্বরে মোট ৪ লাখ ৫১ হাজার টাকা পাঠান। এরপরও নিলয়কে মুক্তি দেওয়া হয়নি। বরং আরও অর্থ দাবি করতে থাকে অপহরণকারীরা।

এ ঘটনায় নিলয়ের শ্বশুর ঝালকাঠির কাঠালিয়া থানায় অপহরণ মামলা করেন। মামলার সূত্র ধরে তদন্ত শুরু করে র‌্যাব।

শনিবার রাতে ফরিদপুর সদর উপজেলার চরকমলাপুর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে নিলয়কে উদ্ধার করা হয়। এ সময় ফেরদৌস ও মহুয়াকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার ভোরে মনোয়ারকে গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, উদ্ধারকালে নিলয়ের পায়ে লোহার শিকল পরানো ছিল। তাকে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, তাকে নিয়মিত মারধর করা হতো এবং দিনে মাত্র একবার খাবার দেওয়া হতো। এমনকি নির্যাতনের সময় চিৎকার যেন বাইরে পৌঁছাতে না পারে, সেজন্য উচ্চ শব্দে সাউন্ডবক্স চালানো হতো।

অভিযানে আটকদের কাছ থেকে ২টি লোহার শিকল, ২টি তালা ও চাবি, ২টি স্টিলের পাইপ, ১টি ধারালো চাকু, ৬টি মোবাইল ফোন এবং কিছু নগদ টাকা জব্দ করা হয়েছে।

র‌্যাবের অধিনায়ক বলেন, ‘বিদেশে যাওয়ার ক্ষেত্রে দালালচক্রের ফাঁদে পা না দিয়ে সরকারি নিয়ম মেনে বৈধ উপায়ে যাওয়ার চেষ্টা করতে হবে।’ 

একই সঙ্গে মানবপাচার, অপহরণ কিংবা বিদেশে পাঠানোর নামে প্রতারণার কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।

সময়ের আলো/মহু


  বিষয়:   বিদেশ  অপহরণ  আটক  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: