মোরেলগঞ্জে বয়স্কভাতার টাকা তুলতে পারছেন না ৩০ শতাংশ মানুষ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জে বয়স্ক ভাতার সুবিধাভোগী ৩০ ভাগ মানুষ ফিঙ্গার জটিলতায় পড়ে টাকা তুলতে পারছেন না। ভোগান্তিতে পড়ে তারা কখনো ব্যাংক

2026-08-17T16:33:44+00:00
2026-08-17T16:35:54+00:00
 
  সোমবার, ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
সারাদেশ
ফিঙ্গার জটিলতা
মোরেলগঞ্জে বয়স্কভাতার টাকা তুলতে পারছেন না ৩০ শতাংশ মানুষ
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৪:৩৩ পিএম  আপডেট: ১৭.০৮.২০২৬ ৪:৩৫ পিএম
নওবান সরদার। ছবি : সময়ের আলো
বাগেরহাটের মোরেলগঞ্জে বয়স্ক ভাতার সুবিধাভোগী ৩০ ভাগ মানুষ ফিঙ্গার জটিলতায় পড়ে টাকা তুলতে পারছেন না। ভোগান্তিতে পড়ে তারা কখনো ব্যাংক এশিয়া, কখনো ইউনিয়ন পরিষদ, আবার কখনো উপজেলা সমাজ সেবা অফিসে ঘুরে বেড়াচ্ছেন। 

সরেজমিনে ও উপজেলার সমাজ সেবা অফিস সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, সমাজ সেবা অধিদপ্তরের অধীনে সরকারিভাবে এ উপজেলায় বয়স্কভাতার আওতায় ১৫ হাজার ৩১৬ জন সুবিধাভোগী রয়েছেন। তারা প্রতি মাসে জনপ্রতি ৬৫০ টাকা করে, তিন মাস পর পর এককালীন ১ হাজার ৯৫০ টাকা করে তুলছেন। অন্যদিকে, বিধবা ভাতার আওতায় ৮ হাজার ৩৪১ জন একই হারে এবং প্রতিবন্ধী ভাতার আওতায় ১২ হাজার ৫৯৯ জন ৯০০ টাকা করে, তিন মাস পর পর ২ হাজার ৭০০ টাকা করে মানবিক সহায়তার আওতায় রয়েছেন। 

এর মধ্যে সম্প্রতি বয়স্ক ভাতার আওতায় থাকা ১০০ ও তার কাছাকাছি বয়সের বৃদ্ধরা পড়েছেন বিপাকে। ফিঙ্গার জটিলতায় অ্যাকটিভ হচ্ছে না তাদের অ্যাকাউন্ট, টাকা তুলতে পড়ছেন ভোগান্তিতে। ব্যাংক এশিয়ার আওতায় থাকা এসব সুবিধাভোগীদের অনেককে যেতে হয় ৭ থেকে ৮ কিলোমিটার দূরত্বে পার্শ্ববর্তী বাধাল বাজারে। সেখানে গিয়ে ফিঙ্গার জটিলতায় পড়ে টাকা তুলতে না পেরে কখনো আসছেন ইউনিয়ন পরিষদে, আবার উপজেলা সমাজ সেবা অফিসে। এভাবেই গোলোক ধাঁধায় দিনের পর দিন যাচ্ছে। 


উত্তর চিংড়াখালী গ্রামের নওবান সরদার, বয়স তার এন আইডি কার্ড অনুযায়ী ৯২ বছর, প্রকৃত বয়স আরও বেশি। তিনি ২০২৩ সাল থেকে বয়স্ক ভাতার সুবিধার আওতায় আসেন। ফিঙ্গার জটিলতার কারণে চলতি বছরের ৪ মাসের কোনো টাকা উত্তোলন করতে পারেননি এই বৃদ্ধ। 

নওবান সরদার বলেন, ‘আগে কয়ডা টাকা পাইতাম, একটু ওষুধপত্র কিনে খাইতাম। এখন আর টাকা পাই না, কীভাবে ওষুধ খাব।’

বৃদ্ধের ছেলে মাইনুল সরদার জানান, ফিঙ্গার না মেলায় বাধাল বাজারের ব্যাংক এশিয়া থেকে তাদেরকে ইউনিয়ন পরিষদে যেতে বলা হয়। ইউনিয়ন পরিষদ থেকে বলা হয়, উপজেলা সমাজ সেবা অফিসে গেলে সমাধান হবে, কিন্তু কোনো সমাধান হয়নি। পেছনের ৪ মাসের টাকা উত্তোলন করতে পারেননি। নতুন করে অ্যাকাউন্ট খুলে টাকা তুলতে হবে। 

মোরেলগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস জানান, বর্তমান অর্থ বছরে বয়স্কভাতা সুবিধাভোগীদের সরকারিভাবে মাসে ৫০ টাকা বৃদ্ধি হওয়ায়, এখন থেকে এককালীন তারা ২ হাজার ১০০ টাকা করে উত্তোলন করতে পারবেন। তবে, বৃদ্ধদের এ টাকা তুলতে ফিঙ্গার জটিলতা, অ্যাকাউন্ট অ্যাকটিভ না মেলার বিষয়টি তিনি জেনেছেন। সেক্ষেত্রে ব্যাংক এবং স্ব স্ব ইউনিয়ন পরিষদে নির্দেশনা দেওয়া হয়েছে, সুবিধাভোগীর নমিনি অথবা তার নিকটতম ব্যক্তির নামে নতুন করে অ্যাকাউন্ট ও বিকাশ খোলার জন্য বলা হয়েছে।

সময়ের আলো/মহু



  বিষয়:   মোরেলগঞ্জ  ফিঙ্গার  জটিলতা  বয়স্কভাতা  টাকা  ভোগান্তি  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: