কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজি অটোরিকশার ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ আরও ৪ জন। সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার মির্জাপুর বাইপাস এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম জেলার করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গাজীপুর থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা সিএনজিচালিত একটি অটোরিকশা পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর বাইপাসে দাঁড়িয়ে থাকা একটি ময়লার গাড়িতে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। এতে সিএনজি চালক, শিশুসহ ৫ যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলাম নামে একজনকে মৃত ঘোষণা করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার চরমারিয়া এলাকার কাজল মিয়ার স্ত্রী জোসনা ও তার শিশুপুত্র আইফান, তাড়াইল উপজেলার হাবিব মিয়ার স্ত্রী রাবিয়া ও সিএনজি চালক করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর এলাকার নজরুল মিয়া।
বিষয়টি নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আরিফুর রহমান জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।
সময়ের আলো/আতা