ঢাকার কেরানীগঞ্জে মুস্তাকিম (৭) নামে শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার আপন খালুর বিরুদ্ধে। হত্যার পর মরদেহ একটি পতিত জমিতে ফেলে রাখা হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সোমবার (১৭ আগস্ট) রাত ১টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের কিংস্টার এলাকার পাশে একটি পতিত জমি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মুস্তাকিম বরিশালের আগৈলঝাড়া উপজেলার আসবৌলা গ্রামের বাসিন্দা ছিল। পরিবারসহ শিশুটি কেরানীগঞ্জের নয়াবাজার মক্কানগর এলাকায় বসবাস করত। অন্যদিকে, অভিযুক্ত নান্নু মিয়ার বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার রমজানকাঠি গ্রামে। বর্তমানে তিনি কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের আটি বাজার কুলচর এলাকায় বসবাস করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির আপন খালু মো. নান্নু মিয়া তাকে গলা টিপে ও রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে। পরে মরদেহ ঘটনাস্থলে ফেলে রাখা হয়।
খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সময়ের আলো/মহু