কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জে একটি স্লিপার কোচ বাসে গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে ইলিয়টগঞ্জ রিলায়েবল সিএনজি ফিলিং স্টেশনের কাছে এ ঘটনা ঘটেছে।
অগ্নিকাণ্ডে ঘটনায় বাসটি সম্পূর্ণ রূপে পুড়ে যায়। যদিও ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জে রিলায়েবল সিএনজি ফিলিং স্টেশনের কাছে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল কক্স পরিবহনের একটি স্লিপার কোচ সামনে থাকা অন্য একটি গাড়িকে ধাক্কা দিলে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এসময় বাসের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন লাগার সঙ্গে সঙ্গে বাসের যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে চলে যান। এতে মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে এবং আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয় টামটা গ্রামের বাসিন্দা মামুন ইসলাম বলেন, বাসে আগুন দেখে আমরা দৌড়ে ঘটনাস্থলে ছুটে যাই। বাস থেকে যাত্রীরা নিরাপদে বের হতে পেরেছে। তবে আগুনের ভয়াবহতা ছিল অনেক বেশি। চোখের সামনে পুরো বাসটি পুড়ে গেছে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক ইসলাম বলেন, সামনে থাকা অন্য একটি গাড়িকে ধাক্কা দেওয়ার পর স্লিপার কোচে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এতে তেমন কেউ হতাহত হয়নি।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর বাসের চালক ও স্টাফরা পালিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।
সময়ের আলো/আতা