৫০০ শয্যা থেকে বাড়িয়ে ১ হাজার শয্যায় উন্নীত হলো দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল। রোববার (১৬ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-২ এর ব্যয় ব্যবস্থাপনা শাখা-৬ এর উপসচিব শুক্লা সরকার স্বাক্ষরিত এক এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
স্মারকে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগ (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা) এর ২১.০৫.২০২৬ তারিখের স্মারকের প্রেক্ষিতে এ সংক্রান্ত যাবতীয় বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন যথাযথভাবে প্রতিপালনের শর্তে স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নিম্নোক্ত ছকে বর্ণিত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের শয্যা সংখ্যা বৃদ্ধি ও বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুকরণে অর্থ বিভাগের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা.মো.জাহাঙ্গীর কবির জানান, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল আজ ৫০০ শয্যা থেকে ১ হাজার শয্যার হাসপাতালে উন্নীত হয়েছে। এটি দিনাজপুরবাসীসহ সমগ্র উত্তরাঞ্চলের মানুষের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের সংবাদ।
তিনি আরও বলেন,১ হাজার শয্যায় উন্নীত হওয়ার মাধ্যমে এ অঞ্চলের বিপুলসংখ্যক মানুষের জন্য উন্নততর, আধুনিক ও আরও বিস্তৃত চিকিৎসাসেবা নিশ্চিত করার সুযোগ সৃষ্টি হলো। এই নতুন যাত্রা দিনাজপুরসহ বৃহত্তর উত্তরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই গৌরবময় মুহূর্তে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সকল চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানান দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক।
এদিকে, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা ৫০০ হতে ১ হাজার শয্যায় উন্নীতকরণ ও বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালু করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিনাজপুরবাসীর পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
সময়ের আলো/আতা