আরও ১৬ লাখ হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের যেসব ছোট ছোট এলাকা হাম–রুবেলার টিকা থেকে বাদ পড়েছে, সেসব জায়গায় টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে রোগী

2026-08-18T09:01:54+00:00
2026-08-18T10:02:18+00:00
 
  মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
জাতীয়
আরও ১৬ লাখ হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৯:০১ এএম  আপডেট: ১৮.০৮.২০২৬ ১০:০২ এএম
হামের টিকা। ছবি : প্রতীকী
দেশের যেসব ছোট ছোট এলাকা হাম–রুবেলার টিকা থেকে বাদ পড়েছে, সেসব জায়গায় টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে রোগী ব্যবস্থাপনা জোরদার করার জন্য হামের চিকিৎসা নির্দেশিকা ব্যাপকভাবে ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে। চিকিৎসকদেরও প্রশিক্ষণ দেওয়া হবে।

রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত টিকাবিষয়ক আন্তসংস্থা সমন্বয় কমিটির (আইসিসি) সভায় এসব সিদ্ধান্ত হয়। সভায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফসহ স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরসহ একাধিক মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

মো. কামরুজ্জামান চৌধুরী এক গণমাধ্যমকে বলেন, ‘হাম নিয়ে আইসিসি গুরুত্বপূর্ণ সভা করেছে। প্রায় সব ধরনের অংশীজন সভায় উপস্থিত ছিলেন, তারা বর্তমান সমস্যা নিয়ে আলোচনা করেছেন। কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে।’

আইসিসির সভার আলোচনায় বলা হয়, হামে আক্রান্ত রোগীর ১০ শতাংশের বয়স ছয় মাসের কম। ৭৪ শতাংশের বয়স ৬ মাস থেকে ৫৯ মাস। ৫ বছর থেকে ১০ বছর বয়স ১৪ শতাংশের। বাকি ২ শতাংশের বয়স ১০ থেকে ১৪ বছর বা তার বেশি।


মো. কামরুজ্জামান চৌধুরী আরও বলেন, ‘কিছু পকেটে (ছোট ছোট এলাকা) ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সব শিশু টিকা পায়নি। তাদের সবাইকে টিকা দেওয়া হবে। আমাদের কাছে এখনো ১৬ লাখ টিকা আছে।’

স্বাস্থ্যসচিব ছাড়াও সভায় উপস্থিত এক প্রতিষ্ঠানের প্রতিনিধি গণমাধ্যমে বলেছেন, ‘আগেই হামের ক্লিনিক্যাল গাইডলাইন চূড়ান্ত হয়েছে। সভায় সেই গাইডলাইন ব্যাপকভাবে প্রচারের সিদ্ধান্ত হয়েছে। চিকিৎসকদের গাইডলাইন বিষয়ে প্রশিক্ষণের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে।’

আগামী বছর টিকার কোনো ধরনের ঘাটতি যেন না হয়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপের ব্যাপারেও আলোচনা হয়েছে সভায়। পাশাপাশি নিয়মিত টিকা কর্মসূচিকে জোরদার করতে মাঠপর্যায়ে শূন্য পদে লোক নিয়োগের বিষয়টিও সভায় গুরুত্ব পায়।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৫ এপ্রিল থেকে ১৭ আগস্ট পর্যন্ত ১ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার ৯১২ শিশুকে হামের এক ডোজ টিকা দেওয়া হয়েছে। এসব শিশু ৬ মাস থেকে ৫ বছর বয়সী।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হামের উপসর্গ নিয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর হামের উপসর্গে ৮১৫ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ছাড়া নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন। সব মিলিয়ে এ বছর হামে ৯১৪ জনের মৃত্যু হয়েছে। এদের বড় অংশের বয়স পাঁচ বছরের কম। তাদের বড় অংশ কোনো টিকাই পায়নি।

সময়ের আলো/মহু


  বিষয়:   হাম  টিকা  শিশু  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: