খুলনায় ছেলে ধরা সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে রাজু শিকদার নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় নগরীর আড়ংঘাটা থানার রায়ের মহল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রায়ের মহল এলাকায় রাজু শিকদার একটি শিশুকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় কয়েকজনের মধ্যে তাকে ‘ছেলেধরা’ সন্দেহ হয়। নিহত রাজুর বাড়ি খুলনার ফুলতলা এলাকায়। তিনি একটি কাপড়ের দোকানে কাজ করতেন।
নিহত রাজু শিকদার কী কারণে রায়ের মহল এলাকায় এসেছিলেন এবং শিশুটিকে কোথায় নিয়ে যাচ্ছিলেন তাৎক্ষণিকভাবে পুলিশ নিশ্চিত হতে পারেনি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ দুজনকে পুলিশ হেফাজতে নিয়েছে।
খুলনা মহানগর পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার মো. হুমায়ুন কবির বলেন, রাজু বিশ্বাসসহ তিনজন বিকেলে মোটরসাইকেলে করে রায়ের মহল এলাকায় যান। পরে রাজু একটি শিশুকে কোলে করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা ছেলেধরা সন্দেহে ধাওয়া দিয়ে রাজুকে আটক করেন এবং জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গণপিটুনি দেন। তবে এর আগে মোটরসাইকেলে থাকা বাকি দুজন পালিয়ে যান।
সময়ের আলো/জোই