ইতালির রোমে কনসার্টে অংশ নিতে গিয়ে হোটেলের কক্ষ নোংরা ও অগোছালো করে রাখার অভিযোগ উঠেছে বাংলাদেশের জনপ্রিয় রকস্টার নগর বাউল জেমস ও তার সফরসঙ্গীদের বিরুদ্ধে। এ ঘটনায় অতিরিক্ত পরিচ্ছন্নতার জন্য অন্তত ২০০ ইউরো পরিশোধ করতে হবে বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।
জানা গেছে, গত ১৬ আগস্ট রোমের একটি কনসার্টে অংশ নিতে জেমস ও তার সফরসঙ্গীরা বেস্ট ওয়েস্টার্ন হোটেলের একটি অ্যাপার্টমেন্টে ছিলেন। চেক-আউটের পর কক্ষের কয়েকটি ছবি এবং হোটেল কর্তৃপক্ষের সঙ্গে আয়োজক প্রতিনিধির কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ছবিতে মেঝেতে প্লাস্টিকের বোতল ও বিভিন্ন আবর্জনা, টেবিলে ব্যবহৃত প্লেট, পলিথিন ও খাবারের উচ্ছিষ্ট দেখা যায়। রান্নাঘরের সিঙ্কেও নোংরা বাসনের সঙ্গে কাঁচা ডিম পড়ে থাকতে দেখা গেছে।
হোটেল ম্যানেজমেন্ট আয়োজক প্রতিনিধি মোয়াজকে পাঠানো বার্তায় কক্ষটির অবস্থা নিয়ে অসন্তোষ জানিয়ে লিখেছে, ‘শুভ সকাল মোয়াজ, এগুলো সেই অতিথিদের অ্যাপার্টমেন্ট, যারা আজ সকালে ছেড়ে গেছে... আমরা কোনো মন্তব্য করব না, তবে আপনার দ্রুত প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকব।’
বার্তায় আরও জানানো হয়, ভবিষ্যতে হোটেলটির সার্ভিস ব্যবহার করতে হলে চূড়ান্ত পরিচ্ছন্নতার জন্য ন্যূনতম ২০০ ইউরো দিতে হবে।
এদিকে, একই কনসার্টকে কেন্দ্র করে জেমসের ম্যানেজার রবিনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগও উঠেছে। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ছবি ও স্ক্রিনশট ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামনে এলেও জেমস, তার ম্যানেজার বা সফরসঙ্গীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সময়ের আলো/এমকে