দেশের জনপ্রিয় উপস্থাপক নীল হুরেজাহান। নান্দনিক বাচনভঙ্গি আর মিষ্টি হাসিতে তার অনবদ্য উপস্থাপনা যেকোনো দর্শককেই মুগ্ধ করে। নিয়মিত শো করার পাশাপাশি উপস্থাপনায় দ্যুতি ছড়ান টেলিভিশন অনুষ্ঠান ও করপোরেট প্রোগ্রামে। এ ছাড়া অভিনয় করেন নাটক, ওটিটি প্ল্যাটফর্ম ও বিজ্ঞাপনচিত্রে। বর্তমান কাজের ব্যস্ততা ও সমসাময়িক নানা বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসুদুর রহমান
হুরেজাহানের মিডিয়ায় ক্যারিয়ার শুরু ২০১৪ সালে রেডিও জকি হিসেবে। পরের বছরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে উপস্থাপনার সুযোগ হয় তার। সেই থেকে শুরু, সময়ের সঙ্গে বাড়তে থাকে তার চাহিদা। নিরলসভাবে কাজ করে যাচ্ছেন একের পর এক অনুষ্ঠানে। করপোরেট প্রোগ্রাম, পডকাস্ট, টিভি অনুষ্ঠান, বিভিন্ন মেগা ক্রীড়া ইভেন্ট ও বিশ্বকাপ খেলা নিয়ে অনুষ্ঠান উপস্থাপনায় দর্শকদের মাঝে বেশ প্রশংসিত হয়েছেন।
সম্প্রতি শেষ হওয়া ফুটবল বিশ্বকাপ নিয়ে প্রতিদিন হাজির হয়েছেন সময় টেলিভিশনের পর্দায়। উপস্থাপনার বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে নীল হুরেজাহান বলেন, নিয়মিত করপোরেট প্রোগ্রামের পাশাপাশি টিভি অনুষ্ঠান করছি। একুশে টিভির জন্য ফ্যাশন ও লাইফস্টাইল নিয়ে অনুষ্ঠান ‘স্যান্ডেলিনা রূপ লাবণ্য’ উপস্থাপনা করছি প্রতি সপ্তাহে। প্রথম আলোর সেলিব্রিটি টকশো ‘প্রথম আলো ক্যাফে লাইভ’ প্রচারিত হচ্ছে সপ্তাহে ৪ দিন। তবে করপোরেট প্রোগ্রামের ব্যস্ততা অনেক বেশি।
আজ রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে একটি অনুষ্ঠান সঞ্চালনার করবেন নীল হুরেজাহান। করপোরেট জবের পাশাপাশি নিয়মিত উপস্থাপনা করলেও মডেল ও অভিনেত্রী হিসেবেও তার সুনাম রয়েছে। এই মাধ্যমে প্রথম যুক্ত হয়েছিলেন ২০১৭ সালে মেরিলের বিজ্ঞাপনে। এরপর বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে কাজ করে আলোচনায় আসেন তিনি।
সেই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনে কাজ করেছেন হুরেজাহান। আর এইচ কঞ্জুমার গুডসের এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন নাসের। শিগগিরই এটি টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারে আসবে। আগামী মাসে আরও একটি বিজ্ঞাপনে কাজ করবেন বলে জানান হুরেজাহান।
তিনি বলেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বার্জারের একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করব। এতে ক্রিকেটার মুশফিকের সঙ্গে দেখা যাবে আমাকে। মুশফিকের সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ। এর আগে একটি বিস্কুটের বিজ্ঞাপনে মডেল হয়েছিলাম আমরা। তবে সেখানে একই ফ্রেমে দুজনকে দেখানো হয়নি। নতুন বিজ্ঞাপনে একই ফ্রেমে দেখা মিলবে দুজনের।
বিজ্ঞাপনে মডেলিংয়ের ধারাবাহিকতায় নাটকেও সরব হুরেজাহান। তবে খুব বেশি অভিনয় করেন না তিনি। সর্বশেষ তাকে দেখা গেছে গত ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসের নাটকে। ক্লোজআপ কাছে আসার গল্প সিরিজে শঙ্খদাস গুপ্ত পরিচালিত ‘যদি আবার’ নাটকটিতে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন হুরেজাহান। এতে তার বিপরীতে অভিনয় করেছেন বায়েজিদ।
অভিনয়ে চাহিদা থাকলেও এরপর নতুন নাটকে দেখা যায়নি তাকে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আসলে বেশি কাজ করতে চাই না। বছরে মানসম্মত দুয়েকটি কাজই যথেষ্ট বলে মনে করি। ‘যদি আবার’ নাটকের পর আরও বেশ কিছু কাজের প্রস্তাব এসেছে কিন্তু মনের মতো না হওয়ায় অভিনয় করা হয়নি। অবশ্যই নাটকে আবারও হাজির হব ভালো কিছু নিয়ে।
নাটকের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও সরব হুরেজাহান। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের মিউজিক্যাল ফিল্ম ‘আধা’সহ ওয়েব সিনেমা ‘সেকশন ৩০২’, ‘ক্রিমিনালস’-এ অভিনয় করেও দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন।
ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন নীল হুরেজাহান। তবে পছন্দের বাইরে কখনো অভিনয় করেননি তিনি। পছন্দের গল্প ও চরিত্র নিয়ে তিনি বলেন, দর্শকদের মাঝে ইমোশন তৈরি করে এমন গল্প ও চরিত্র পছন্দ আমার।
অভিনয়ে গ্রহণযোগ্যতা পেলেও উপস্থাপক পরিচয় ছাপিয়ে যেতে পারেননি তিনি। উপস্থাপনাই তার আসল ঠিকানা। নীল হুরেজাহান বলেন, অভিনয়ে গ্রহণযোগ্যতা পেলেও আমার প্রথম পরিচয় উপস্থাপক। সবসময়ই উপস্থাপক পরিচয়কে বড় করে দেখি। এ পরিচয়ের মাধ্যমেই আমার শোবিজ ক্যারিয়ার শুরু। উপস্থানা আমার রক্তের সঙ্গে মিশে গেছে। একে ভীষণ উপভোগ করি। উপস্থাপকের পর আমার পরিচয় একজন মডেল ও অভিনেত্রী।
অভিনয় ও সঞ্চালনা দুটোই কণ্ঠসাধ্য এবং নাম যশ-খ্যাতির বিষয় থাকলেও হুরেজাহানের স্বাচ্ছন্দ্যের জায়গা উপস্থানা। দীর্ঘদিন ধরে উপস্থাপনা করছেন বিধায় এটি তার জন্য অনেকটা সহজ হলেও অভিনয় তার জন্য অনেকটা কঠিন বলে মনে করেন হুরেজাহান। অভিনয় অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অন্যশিল্পীর সঙ্গে সমন্বয় করতে হয়। প্রক্ষান্তরে উপস্থাপনায় সবকিছু নিজের মধ্যে সীমাবদ্ধ।
বিশ্বের অন্যান্য দেশে উপস্থাপনাকে সম্মানের জায়গা থেকে দেখা হলেও আমাদের দেশে সেভাবে মূল্যায়ন হয় না। সেলিব্রিটি হিসেবেও আখ্যায়িত করা হয় না কাউকে। এ নিয়ে নীল হুরেজাহানের মন্তব্য, ‘একটি অনুষ্ঠান পুরোপুরি নিয়ন্ত্রণ করেন উপস্থাপক। তার পরিচালনাতেই অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এই কাজটি করা কঠিন হলেও আমাদের দেশে একজন উপস্থাপকের সেভাবে মূল্যায়ন করা হয় না। তাদের কদর নেই।’
যথাযথ মূল্যায়ন না হলেও নতুনদের অনেকে উপস্থাপনায় আগ্রহ প্রকাশ করছেন। নতুনদের মধ্যে অনেকে উপস্থাপনায় উৎসাহিত হয়েছেন তাকে দেখে। নীল বলেন, উপস্থাপক হওয়াটা আসলে এত সহজ নয়। যারা উপস্থাপক হিসেবে পরিচিতি পেয়েছেন সবার আলাদা স্টাইল আছে। নতুনদের কেউ কেউ উপস্থাপনায় বেশ ভালো করছে। উপস্থাপনার জন্য সব চেয়ে বেশি জরুরি জানা, বোঝা এবং প্রয়োগ করা। অনুষ্ঠান সম্পর্কে পুরোপুরি ধারণা ছাড়াও প্রাসঙ্গিক বিষয়ে অবগত থাকতে হবে। উপস্থিত বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। ছাড়া শুদ্ধ উচ্চারণ, বাচনভঙ্গি সম্পর্কেও ভালো ধারণা থাকা প্রয়োজন।
উপস্থানা বিষয়টি অনেকে সহজভাবে দেখেন। কারও কারও উপস্থাপনায় মুগ্ধ হন দর্শক। একটি অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তুলতে সঞ্চালকের জুড়ি নেই। কিন্তু এর জন্য নিজেকে প্রস্তুত করতে হয়। প্রস্তুতি ছাড়া উপস্থাপনা সুন্দর হতে পারে না বলে মনে করেন নীল হুরেজাহান।
তিনি বলেন, সুন্দর উপস্থাপনার জন্য অবশ্যই ভালো প্রস্তুতি জরুরি। বিশেষ করে নতুনদের জন্য। অনুষ্ঠান সম্পর্কে পুরোপুরি ধারণা ছাড়াও প্রাসঙ্গিক বিষয়ে অবগত থাকতে হবে। প্রস্তুতি ছাড়া উপস্থানা ভালো হয় না।
সময়ের আলো/প্রিন্ট/এমকে