বৃহস্পতিবার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এতে সাধারণ ভোটাররা ভোট দিতে পারবেন না। জাতীয় সংসদ সদস্যদের ভোটেই নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিতে রয়েছে নানা বৈচিত্র্য।
বাংলাদেশে সংসদ সদস্যদের ভোট
বাংলাদেশে রাষ্ট্রপতি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন না। সংবিধান অনুযায়ী সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেন। একাধিক প্রার্থী থাকায় এবার ৩৫ বছর পর সংসদে ভোট হচ্ছে। তবে দলীয় সংখ্যাগরিষ্ঠতার কারণে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীর জয় সাধারণত নিশ্চিত থাকে।
ভারতে নির্বাচকমণ্ডলী
ভারতে রাষ্ট্রপতি নির্বাচনে লোকসভা ও রাজ্যসভার নির্বাচিত সদস্যদের পাশাপাশি রাজ্য ও নির্দিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার নির্বাচিত সদস্যরা ভোট দেন। জনসংখ্যার ভিত্তিতে বিধায়কদের ভোটের মূল্য নির্ধারিত হয়। পছন্দক্রমভিত্তিক ভোটে ফল নির্ধারণ করা হয়।
পাকিস্তানে সংসদ ও প্রাদেশিক পরিষদ
পাকিস্তানে সিনেট, ন্যাশনাল অ্যাসেম্বলি ও চার প্রাদেশিক অ্যাসেম্বলির সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচন করেন। প্রাদেশিক পরিষদের সদস্যসংখ্যার পার্থক্য সমন্বয় করতে ভোটের মূল্য নির্ধারণে বিশেষ ব্যবস্থা রয়েছে।
নেপালে কেন্দ্র ও প্রদেশের প্রতিনিধিরা
নেপালে ফেডারেল পার্লামেন্ট ও প্রাদেশিক অ্যাসেম্বলির সদস্যদের নিয়ে গঠিত নির্বাচকমণ্ডলী রাষ্ট্রপতি নির্বাচন করে। দুই স্তরের প্রতিনিধিদের ভোটের মূল্য আলাদা।
শ্রীলঙ্কায় সরাসরি জনগণের ভোট
শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন। ভোটাররা প্রথম পছন্দের পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় পছন্দও দিতে পারেন। প্রথম গণনায় কেউ অর্ধেকের বেশি ভোট না পেলে অগ্রাধিকার ভোটের ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করা হয়।
মিয়ানমারে সামরিক বাহিনীর প্রভাব
মিয়ানমারে সাধারণ ভোটার রাষ্ট্রপতি নির্বাচন করেন না। পার্লামেন্টের নিম্নকক্ষ, উচ্চকক্ষ ও সামরিক প্রতিনিধিরা একজন করে প্রার্থী মনোনয়ন দেন। এরপর সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী রাষ্ট্রপতি হন।
অর্থাৎ, বাংলাদেশসহ অধিকাংশ দেশে রাষ্ট্রপতি নির্বাচিত হন পরোক্ষ ভোটে। শ্রীলঙ্কা এ ক্ষেত্রে ব্যতিক্রম, যেখানে জনগণ সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন।
সময়ের আলো/এমকে