ঢাকা মহানগরীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে ট্রাফিক আইন অমান্য করার অভিযোগে মোট ১ হাজার ৮৪১টি মামলা করা হয়েছে। একই সময়ে ৫৮১টি গাড়ি ডাম্পিং এবং ৩৩৩টি গাড়ি রেকার করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
ডিএমপি ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে মিরপুর বিভাগে। সেখানে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে মোট ৩৬৬টি মামলা করা হয়। এর মধ্যে ১০টি বাস, ৩০টি ট্রাক, ৫৮টি কাভার্ডভ্যান, ৩৫টি সিএনজি ও ১৩৭টি মোটরসাইকেল রয়েছে।
মতিঝিল বিভাগে মোট ৩৫৩টি মামলা করা হয়েছে। এর মধ্যে ২১টি বাস, ৪টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ৬৫টি সিএনজি ও ১৮০টি মোটরসাইকেল রয়েছে।
উত্তরা বিভাগে ৪৫টি বাস, ১৯টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজি ও ৯৭টি মোটরসাইকেলসহ মোট ২৮৭টি মামলা করা হয়েছে। গুলশান বিভাগে ৪০টি বাস, ৩টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৬০টি মোটরসাইকেলসহ মোট ২০৮টি মামলা হয়েছে।
লালবাগ বিভাগে ৪টি বাস, ১৮টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৮৭টি মোটরসাইকেলসহ মোট ১৬৭টি মামলা করা হয়েছে। তেজগাঁও বিভাগে ১৬টি বাস, ২টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ৭৫টি মোটরসাইকেলসহ মোট ১৬১টি মামলা হয়েছে।
এ ছাড়া ওয়ারী বিভাগে ৪১টি বাস, ১৫টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ১টি মোটরসাইকেলসহ মোট ১৬২টি মামলা করা হয়েছে। রমনা বিভাগে ৫টি বাস, ৬টি কাভার্ডভ্যান, ১টি সিএনজি ও ৩১টি মোটরসাইকেলসহ মোট ১৩৭টি মামলা হয়েছে।
অভিযান চলাকালে ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে মোট ৫৮১টি গাড়ি ডাম্পিং এবং ৩৩৩টি গাড়ি রেকার করা হয়।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর সড়কে যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক আইন কার্যকর করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিয়মিতভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে সংস্থাটি।
সমেয়র আলো/এসএকে