হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা ৬টি পিস্তল, ৭টি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোররাত ৪টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন বিজিবির একটি বিশেষ দল এ অভিযান চালায়।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, ‘সীমান্ত পিলার ১৯৭৮ থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান চালানো হয়। উদ্ধার করা অস্ত্রগুলোর প্রায় সবগুলোই আমেরিকা ও ইতালিসহ বিভিন্ন দেশের তৈরি। ডাকাতির উদ্দেশ্যে এগুলো এখানে আনা হয়েছিল। তবে, এসব অস্ত্র কারা সেখানে রেখেছিল তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।’
তিনি আরও জানান, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে থানায় জমা দেওয়ার কার্যক্রম চলছে।
সময়ের আলো/মহু