মৎস্য পক্ষ পালনে দায়সারা আয়োজনের অভিযোগ, আমন্ত্রণ পাননি প্রকৃত চাষিরা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

‎কুড়িগ্রামের উলিপুরে দায়সারাভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ উঠেছে। উপজেলা পরিষদ চত্বরেই র‍্যালির নামে ফটোসেশন ও পরিত্যক্ত পুকুরে মাছের পোনা

2026-08-20T19:44:47+00:00
2026-08-20T19:47:49+00:00
 
  বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
সারাদেশ
মৎস্য পক্ষ পালনে দায়সারা আয়োজনের অভিযোগ, আমন্ত্রণ পাননি প্রকৃত চাষিরা
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৭:৪৪ পিএম  আপডেট: ২০.০৮.২০২৬ ৭:৪৭ পিএম
মৎস্য পক্ষের অনুষ্ঠান। ছবি : সময়ের আলো
‎কুড়িগ্রামের উলিপুরে দায়সারাভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ উঠেছে। উপজেলা পরিষদ চত্বরেই র‍্যালির নামে ফটোসেশন ও পরিত্যক্ত পুকুরে মাছের পোনা অবমুক্তসহ প্রকৃত মৎস্যচাষীদের অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর ঘটনা ঘটেছে। এ নিয়ে মৎস্যচাষীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

‎জানা গেছে, উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দফতরের আয়োজনে ১৬ থেকে ১৮ আগস্ট ৩ দিনব্যাপী “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে ধারণ করে জাতীয় মৎস্য পক্ষ পালন করা হয়। মৎস্য পক্ষ দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্ত করার কথা থাকলেও সবকিছুই করা হয়েছে দায়সারাভাবে। র‍্যালির নামে উপজেলা পরিষদ চত্বরে ব্যানার ধরে শুধু ফটোসেশন করা হয়েছে। উপজেলার ৪ জন মৎস্যচাষীকে পুরস্কারের নামে ক্রেস্ট প্রদান করা হয়েছে। এছাড়া, পোনা অবমুক্ত করা হয়েছে উপজেলা পরিষদ চত্বরের পরিত্যক্ত পুকুরে। 

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম আরিফ।


‎মৎস্যচাষীদের অভিযোগ, সরকারি নির্দেশনায় উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে জাতীয় মৎস্য পক্ষ পালিত হলেও তা শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ ছিল। জাতীয় অনুষ্ঠানে মৎস্যজীবী ও জেলেদের অংশগ্রহণ ছিল না বললেই চলে। এ ছাড়াও, মৎস্য বিভাগের নিয়মিত তদারকির অভাবে উপজেলার অধিকাংশ হাট-বাজারে নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছ অবাধে বিক্রয় হচ্ছে বলে জানান তারা।

‎পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গো-হাটির পুকুর। প্রায় ৩ একর জায়গাজুড়ে থাকা পুকুরটি সরকারের কাছ থেকে লিজ নিয়ে মৎস্যচাষ করছেন ব্যাপ্তি মৎস্যজীবী সমবায় সমিতি।

এই সমিতির প্রতিনিধি আলমগীর হোসেন অভিযোগ করে বলেন, ‘মাঠ পর্যায়ে মৎস্য চাষীদের উৎসাহ ও বিভিন্ন নির্দেশনা দিতে সরকার মৎস্য পক্ষ বা সপ্তাহ পালন করে থাকেন। মৎস্য সপ্তাহ উপলক্ষে আমরা কিছুই জানি না। আমাদের মতো অনেক সংগঠন ও সফল মৎস্যচাষীদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।’

‎স্থানীয় মৎস্য চাষীদের অভিযোগ, আধুনিক মাছ চাষ, রোগবালাই প্রতিরোধ, উৎপাদন বৃদ্ধি ও মৎস্যচাষের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার পাশাপাশি চাষীদের সরাসরি সম্পৃক্ত করার কথা থাকলেও, বাস্তবে অনেক চাষীকে কর্মসূচি সম্পর্কে জানানো হয় না। 

‎নাম প্রকাশে অনিচ্ছিুক মৎস্যচাষীদের অভিযোগ, উপজেলা মৎস্য বিভাগের নিয়মিত তদারকির অভাবে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় অবাধে নিষিদ্ধ চায়না ডারকি জাল ও কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে। এতে সব ধরনের বড় থেকে ছোট আকারের মাছ ধরা পড়ছে। অথচ, মৎস্য বিভাগ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না।

‎‎এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে সহকারী মৎস্য কর্মকর্তা ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ রফিকুল ইসলাম জানান, বাজেট স্বল্পতার কারণে সকল মৎস্যচাষীদের ডাকা হয়নি। তবুও সবাইকে রাখার চেষ্টা করেছি।

পরিষদের পরিত্যক্ত পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, র‍্যালির নামে ফটোসেশন ও অনুষ্ঠানের বাজেট কত ছিল তা নিয়ে প্রশ্ন করলে তিনি অফিসে এসে কথা বলার জন্য বলেন। এছাড়া বাজারে অবাধে পিরানহা মাছ বিক্রয়ে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি দেখব।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম আরিফ জানান, মৎস্য বিভাগের আমন্ত্রণে অনুষ্ঠানে গিয়ে উদ্বোধন করেছি। মৎস্য বিভাগ কাকে ডেকেছে বা ডাকেনি, তা জানি না। অন্যান্য বিষয়গুলো তারাই ভালো বলতে পারবে। 

সময়ের আলো/মহু



  বিষয়:   উলিপুর  মৎস্য পক্ষ  অভিযোগ  আমন্ত্রণ  চাষি  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: