মৎস্যসম্পদ বাঁচাতে হলে জলাশয় রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী

আশরাফুল ইসলাম তুষার, কিশোরগঞ্জ

জাতীয়

মৎস্যসম্পদকে বাঁচাতে হলে জলাশয়ের পরিবেশ রক্ষার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের দেশের অধিকাংশ

2026-08-16T17:35:36+00:00
2026-08-16T18:30:04+00:00
 
  রবিবার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
জাতীয়
মৎস্যসম্পদ বাঁচাতে হলে জলাশয় রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী
আশরাফুল ইসলাম তুষার, কিশোরগঞ্জ
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৫:৩৫ পিএম  আপডেট: ১৬.০৮.২০২৬ ৬:৩০ পিএম
কিশোরগঞ্জের কটিয়াদীতে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সময়ের আলো
মৎস্যসম্পদকে বাঁচাতে হলে জলাশয়ের পরিবেশ রক্ষার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের দেশের অধিকাংশ মানুষ হয়তো মৎস্য পেশার সাথে জড়িত আছেন। মাছকে যদি আমরা বাঁচাতে চাই, আমাদের পরিবেশের প্রতিও খেয়াল রাখতে হবে, রক্ষা করতে হবে। তবেই আমরা আমাদের সন্তান, আমাদের মৎস্য, আমাদের পশু সকল কিছু নিয়ে একটি সুস্থ পরিবেশের মধ্যে বেড়ে উঠতে সক্ষম হব।

রোববার দুপুর ২টায় কিশোরগঞ্জের কটিয়াদীতে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় ১৩টি ক্যাটাগরিতে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক তুলে দেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী আরও বলেন, টিস্যু পেপার, প্লাস্টিক পানির বোতলসহ আমাদের ব্যবহারকৃত বিভিন্ন আবর্জনায় এই জলাশয়গুলোর পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যদি সত্যিকারভাবে সচেতন হই, নিজেদের পরিবার রক্ষা করতে চাই এবং মাছকে যদি আমরা বাঁচাতে চাই— আসুন, একই সাথে আমাদের পরিবেশের প্রতিও খেয়াল রাখি।


মাছ চাষে স্বাবলম্বী হওয়ার সুযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, মাছ চাষ, মাছ ধরা, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ এবং বিক্রয় এই পুরো প্রক্রিয়ায় বহু মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। নদীমাতৃক বাংলাদেশে পুকুর, বিল, হাওর, বাওর এবং অন্যান্য জলাশয় কাজে লাগিয়ে কিংবা অল্প জমি ব্যবহার করে মাছ চাষের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে দেশে যত জলাশয় বিনা কারণে পড়ে আছে, সেগুলো সংস্কারের মাধ্যমে সরকারের পক্ষ থেকে মাছের পোনা ছাড়া হবে বলেও যোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমানে এই উজ্জ্বল সম্ভাবনা থাকার ফলে আমরা যদি পরিকল্পিতভাবে পরিশ্রম করি, এখান থেকে বহু মানুষের কর্মসংস্থান যেমন হবে; একই সাথে আমরা আরও অনেক বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব। যারা মৎস্য উৎপাদন এবং বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট নিঃসন্দেহে আপনারা জানেন মৎস্য অধিদফতরের উদ্যোগে খুলনা অঞ্চলে তিনশটি ক্লাস্টার গঠন করে ক্লাস্টারভিত্তিক চিংড়ি চাষ উন্নয়নের মাধ্যমে ইতোমধ্যে সাড়ে ৭ হাজার ঘেরে উৎপাদন গড়ে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

তারেক রহমান বলেন, ইলিশ শুধু জাতীয় মাছ কিংবা একটি অর্থনৈতিক সম্পত্তি নয়, এটি বাংলাদেশের জিআই পণ্য হিসেবেও স্বীকৃত। দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান প্রায় ১০ শতাংশ, যা দেশজ জিডিপির এক শতাংশেরও বেশি। ২০০৩-০৪ সালে বিএনপি সরকারের সময় ইলসা ফিশারিজ ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান প্রণয়ন করা হয়েছিল; যার ফলে পরবর্তীতে ইলিশ মাছের উৎপাদন সমগ্র বাংলাদেশে অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে।


প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার মৎস্য, পশুসম্পদ এবং জলজ খাতকে অগ্রাধিকার তালিকায় রেখেছে। কারণ আমরা যদি আমাদের কালের ঐতিহ্য দেখি, অর্থনীতিকে দেখি, আমাদের দেশের বহু কোটি মানুষ এই পেশাগুলোর সাথে সম্পৃক্ত। মৎস্য সেক্টরের বিকাশ এবং মৎস্য চাষি এবং জেলেদের জীবন-জীবিকার উন্নয়নে সরকার অত্যন্ত আন্তরিকভাবে এবং এরই অংশ হিসেবে মৎস্য চাষিদেরকে কৃষক কার্ডের আওতায় আনা হবে এবং হয়েছে এর মধ্যে। একই সঙ্গে জেলেদের পরিচয়পত্র প্রদান ও নিবন্ধন কার্যক্রমও চলমান রয়েছে। ২০২৬-২৭ অর্থ বছরের প্রথমবারের মত সুন্দরবন এবং হাওর অঞ্চলে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন জেলেদের ভিজিএফের আওতায় আনা হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জালাল উদ্দীন, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব দেলোয়ার হোসেন ও মৎস্য অধিদফতরের মহাপরিচালক খালেদ কনক।

সময়ের আলো/আতা


  বিষয়:   মৎস্যসম্পদ  জলাশয়  প্রধানমন্ত্রী  সময়ের আলো  তারেক রহমান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: