প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৫৯ এএম
সংগৃহীত ছবি রাজধানীর মিরপুরের কাফরুলে পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। কয়েকজন নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এ ঘটনায় কারখানা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে মিরপুর-১৩ নম্বর এলাকার ‘লোড স্টার ফ্যাশন’ ও ‘মিড এশিয়া ফ্যাশন’ কারখানা এলাকায় এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, কারখানা দুটিতে প্রায় ৫ হাজার ১০০ শ্রমিক কাজ করেন। এসব কারখানার শ্রমিকেরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের শ্রমিকদের উৎপাদন কার্যক্রমে বাধা দিয়ে তাদের কারখানা থেকে বের করে নিয়ে আসেন।
সূত্র আরও জানায়, এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। একপর্যায়ে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপরও কারখানা এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
এদিকে মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বর এলাকার সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এসব এলাকায় এখন পর্যন্ত পোশাকশ্রমিকদের সড়কে নামার খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।
তবে মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম বলেন, ‘সকালে কাফরুলে একটু ঝামেলা হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ আছে।’
সময়ের আলো/কেএইচও