প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪:৪৮ এএম
হাসপাতালে স্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত হৃদযন্ত্রে সফলভাবে রিং (স্টেন্ট) পরানোর পর চিকিৎসকদের ছাড়পত্র পেয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষায় তার শারীরিক অবস্থা স্থিতিশীল পাওয়া গেছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
এদিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকলেও স্বাস্থ্যমন্ত্রীকে দেখতে যাননি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এমনকি সংসদেও মন্ত্রীর অসুস্থতা নিয়ে তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। মন্ত্রণালয়ের দুই শীর্ষ ব্যক্তির মধ্যে সম্পর্ক ও সমন্বয় নিয়ে এ ঘটনায় আলোচনা তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের কেউ কেউ মনে করছেন, বিভিন্ন বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর কঠোর অবস্থানের কারণে প্রতিমন্ত্রীর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে কি না, তা খতিয়ে দেখার অবকাশ রয়েছে।
গত ১৪ নভেম্বর সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় তার হৃদযন্ত্রের রক্তনালিতে ব্লক শনাক্ত করেন চিকিৎসকরা। পরদিন ১৫ নভেম্বর বিকালে অধ্যাপক ডা. এনএএম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে দুটি ব্লকে রিং পরান। অপর ব্লকটিতে ডাইলেশন বা বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করার পদ্ধতি প্রয়োগ করা হয়। এরপর এক দিন সিসিইউতে এবং পরবর্তী সময়ে কেবিনে পর্যবেক্ষণে রাখা হয় তাকে।
প্রতিমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে আলোচনা : স্বাস্থ্যমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান একাধিকবার ফোন করে তার শারীরিক অবস্থার খোঁজ নেন। প্রধানমন্ত্রীর নির্দেশে তার সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (স্বাস্থ্যবিষয়ক) ড. এস এম জিয়াউদ্দিন হায়দারও মন্ত্রীর খোঁজখবর নেন।
এ ছাড়া সরকারদলীয় একাধিক মন্ত্রী ও সংসদ সদস্য, বিরোধী দল ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতারা হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই সচিব ও অধিদফতরের মহাপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও হাসপাতালে যান। বিরোধীদলীয় নেতার প্রতিনিধি এনসিপির সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু এবং জাতীয় পার্টির নেতা রুহুল আমিন হাওলাদারও মন্ত্রীর খোঁজ নেন।
এ সময় প্রতিমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে। তাদের কেউ কেউ মনে করছেন, মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ দায়িত্ব বণ্টন, সিদ্ধান্ত গ্রহণ এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থানসহ বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থেকে দুই শীর্ষ ব্যক্তির মধ্যে দূরত্ব তৈরি হয়ে থাকতে পারে।
এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী সময়ের আলোকে বলেন, হৃদযন্ত্রে সফলভাবে রিং পরানোর পর চিকিৎসকদের ছাড়পত্র পেয়ে স্বাস্থ্যমন্ত্রী বাসায় ফিরেছেন। প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত তাকে দেখতে হাসপাতালে যাননি।
অন্যদিকে প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের একান্ত সচিব মো. সারোয়ার সালাম সময়ের আলোকে বলেন, বিষয়টি তার জানা নেই। প্রতিমন্ত্রী হাসপাতালে গেছেন কি না, তা তিনি জানেন না।
সময়ের আলো/প্রিন্ট/জেডি