প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৪৭ পিএম আপডেট: ১৭.১১.২০২৬ ১০:৪৮ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেছেন, পতিত ফ্যাসিবাদী শক্তি, মাফিয়া শক্তি, তথাকথিত আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে গেছে। তারা ওখানে গিয়ে কেবল থানায় হামলা করতে পারে।
নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে তিনি আরও বলেছেন, আমাদের একজন সংসদ সদস্যের বাড়িতে তারা হামলা করেছে। আমাদের সমর্থক যারা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দোকানপাটে হামলা করেছে। এটা তাদের চরিত্রও। আগুন লাগানো তাদের স্বভাব, মানুষ পোড়ানো তাদের স্বভাব।
সালাহউদ্দিন আহমদ বলেন, অগ্নিকাণ্ড ঘটানোর জন্য সীমান্তের ওপাড় থেকে তাদের সাবেক মন্ত্রী-এমপি-নেতারা মেসেজ দিচ্ছে, তোমরা গ্রামে গ্রামে গিয়ে আগুন লাগাও। এটা তাদের কর্ম। তারা তো রাজনীতি কখনো করেনি। তাদের ডিএনএতে ডেমোক্রেসি নেই। তারা সন্ত্রাস করেছে, মানুষ পুড়িয়েছে, আগুন দিয়েছে, হাজারে হাজারে মানুষ হত্যা করেছে, গুম করেছে, জুলুম-নির্যাতন করেছে। এগুলা আওয়ামী লীগের সঙ্গে যায়। এগুলো তাদের বিশেষণ।
আওয়ামী লীগকে নিয়ে তিনি আরও বলেন, তাদের চরিত্র আবার নতুন করে উন্মোচিত হয়েছে। তারা চাচ্ছে, আমরা যেন তাদের কায়দায় রাজপথে গুলি করে মানুষ হত্যা করি। মিছিলে মানুষ এলে আওয়ামী কায়দায় তাদের গুলি করি, হত্যা করি। আমরা গণতান্ত্রিক কালচারের সরকার। আবার রাজপথে আন্দোলনকারীদের গুলি করে হত্যা করা হবে- জনগণ এটা আর দেখতে চায় না।
সময়ের আলো/আতা