প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৮:২২ পিএম আপডেট: ১৭.১১.২০২৬ ৮:২৪ পিএম
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। ইনসেটে বিএনপির জ্যেষ্ঠ নেতা মুহাম্মদ ওসমান ফারুক। ছবি : সংগৃহীত বিএনপির জ্যেষ্ঠ নেতা মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগে শূন্য হওয়া কিশোরগঞ্জ-৩ (তাড়াইল ও করিমগঞ্জ) আসনে আইন অনুযায়ী ৯০ দিনের ভেতরেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
তিনি জানান, আইনি নিয়ম অনুযায়ী ৯০ দিনের মধ্যে ভোট সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। সেটির আলোকেই কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন আয়োজন করা হবে।
শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করায় গত ১৫ নভেম্বর থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য ঘোষণা করা হয়। সেই হিসাব অনুযায়ী আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।
এর আগে মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হওয়ার পরপরই স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আসনটি শূন্য হওয়ার ঘোষণা দেন।
ইতোমধ্যে ২১ জানুয়ারি এবং ৪ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। যদিও নির্বাচন কমিশন এখনও ধাপে ধাপে ইউপিগুলোর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি, তবে ডিসেম্বরের শুরুর দিকেই ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা করা হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচনে এই উপনির্বাচনের কোনো প্রভাব পড়বে কি না— এমন প্রশ্নের জবাবে আব্দুর রহমানেল মাছউদ বলেন, তফসিল ঘোষণার পূর্বে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে দেখা হবে। পরিস্থিতি অনুযায়ী এমনও হতে পারে যে আমরা সেখানে ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত রাখতে পারি। পরবর্তীতে কমিশনের সভায় আলোচনার মাধ্যমে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সময়ের আলো/আতা