প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:২১ পিএম
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। ছবি : সংগৃহীতপারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। প্রথমবারের মতো পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে এ বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। তবে এটি আনুষ্ঠানিক উৎপাদন নয়। প্রাথমিক পরীক্ষার অংশ হিসেবে কয়েক ঘণ্টার জন্য গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে।
প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরীক্ষামূলক সংযোগের আওতায় প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় টারবাইন, জেনারেটর ও গ্রিডের সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা এবং স্থিতিশীলতা পরীক্ষা করা হবে।
পরীক্ষার পর কেন্দ্রটি গ্রিড থেকে বিচ্ছিন্ন করে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা চালানো হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবার ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে আরও কিছু পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এ সময় গ্রিডের ফ্রিকোয়েন্সি ও বিদ্যুৎ সরবরাহের স্থিতিশীলতাও পর্যবেক্ষণ করা হবে।
প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম ইউনিটের রিঅ্যাক্টর, টারবাইনসহ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির পরীক্ষা শেষ হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে চলতি মাসের ২১ নভেম্বর অথবা মাসের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।
উল্লেখ্য, রাশিয়ার সহযোগিতায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট এবং নির্মাণ ব্যয় ১ লাখ ১৩ হাজার কোটি টাকার বেশি।
সময়ের আলো/এমকে