পোশাকশ্রমিকদের বিক্ষোভ এবং মহাসড়ক অবরোধের প্রভাব পড়েছে রাজধানীর দূরপাল্লার বাস চলাচলে। সংগৃহীত ছবি গাজীপুর ও সাভারে পোশাকশ্রমিকদের বিক্ষোভ এবং মহাসড়ক অবরোধের প্রভাব পড়েছে রাজধানীর দূরপাল্লার বাস চলাচলে। মহাখালী, কল্যাণপুর ও গাবতলী বাস টার্মিনাল থেকে উত্তরবঙ্গ এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন রুটে চলাচলকারী বাসের সময়সূচিতে বিপর্যয় দেখা দেয়। দীর্ঘ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় অনেক বাস আটকা পড়ে। এতে যাত্রীদের ভোগান্তির পাশাপাশি একাধিক পরিবহন কোম্পানিকে এক থেকে দুটি করে ট্রিপ বাতিল করতে হয়েছে।
রংপুরগামী যাত্রী সাইফুল ইসলাম জানান, সকালে বাসে করে ঢাকা ছাড়ার পরিকল্পনা ছিল তার। কিন্তু গাজীপুরে শ্রমিকদের আন্দোলন ও সড়ক অবরোধের খবর পেয়ে ঝুঁকি এড়াতে বাসা থেকে বের হননি। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার খবর পেয়ে বিকেলে মহাখালীর বাস কাউন্টারে আসেন।
তিনি বলেন, এত ঝামেলার মধ্যে ঝুঁকি নিয়ে বের হতে চাইনি। যদিও বাড়িতে জরুরি কাজ ছিল, তবু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় ছিলাম।
অন্যদিকে, কিশোরগঞ্জগামী যাত্রী রাকিব হোসেন জানান, দুপুরে বাস কাউন্টারে এসে দীর্ঘ সময় অপেক্ষা করেও কোনো বাস ছাড়তে দেখেননি। গাজীপুরে শ্রমিক আন্দোলনের কারণে বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানতে পারেন তিনি। বাস ছাড়ার অপেক্ষায় তখনো কাউন্টারে অবস্থান করছিলেন।
রাকিব বলেন, ‘দুপুরে এসে অনেকক্ষণ বসে ছিলাম। শুনলাম, ওখানে আন্দোলন হচ্ছে, তাই বাস ছাড়েনি। এখন বাস ছাড়লে চলে যাব।’
পরিবহন সংশ্লিষ্টরা জানান, ট্রিপ বাতিল হওয়ায় প্রতিষ্ঠানগুলো প্রত্যাশিত আয় থেকে বঞ্চিত হয়েছে। তবে বাতিল হওয়া ট্রিপের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়নি তাদের।
মহাখালী থেকে গাজীপুর হয়ে মোকামতলা, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, গাইবান্ধা, পীরগঞ্জ, শঠিবাড়ী ও রংপুর রুটে বাস পরিচালনা করে অরিন ট্রাভেলস।
প্রতিষ্ঠানটির কাউন্টার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, সড়ক অবরোধের কারণে তাদের কয়েকটি বাস ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কে আটকে ছিল। নির্ধারিত সময়ে বাসগুলো টার্মিনালে ফিরতে না পারায় দুটি ট্রিপ পরিচালনা করা সম্ভব হয়নি।
তিনি বলেন, এতে কিছুটা আর্থিক ক্ষতি হয়েছে। তবে তা বড় ধরনের লোকসানের পর্যায়ে যায়নি।
কল্যাণপুর থেকে সাভার হয়ে বগুড়া, গাইবান্ধা, রংপুর, সৈয়দপুর, নীলফামারী, দেবীগঞ্জ, দিনাজপুর, লালমনিরহাট ও বুড়িমারীসহ বিভিন্ন রুটে বাস চালায় এসআর ট্রাভেলস।
প্রতিষ্ঠানটির কাউন্টার ইনচার্জ তানভীর আহমেদ জানান, সকালে নির্ধারিত সময় অনুযায়ী বাসগুলো ছেড়ে গেলেও ফেরার পথে গাড়িগুলো গাজীপুরে আটকা পড়ে। ফলে পরবর্তী দুটি ট্রিপের সময়সূচি এলোমেলো হয়ে যায়। শেষ পর্যন্ত ট্রিপ দুটি বাতিল করতে বাধ্য হন তারা।
এদিকে রংপুর, কুড়িগ্রাম, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, নীলফামারী, সৈয়দপুর, জলঢাকা, ডিমলা ও ঠাকুরগাঁও রুটে চলাচলকারী এনা ট্রান্সপোর্টও একই সমস্যার মুখে পড়ে।
প্রতিষ্ঠানটির কাউন্টার ম্যানেজার মো. রফিকুল ইসলাম বলেন, অবরোধের কারণে তাদের তিনটি ট্রিপ বাতিল হয়েছে। দুপুরের পর মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক হলে আটকে থাকা বাসগুলো গন্তব্যের উদ্দেশে রওনা হয়। এরপর বিকেল থেকে বাস চলাচল আবারও নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুরু হয়।
মহাখালী থেকে টাঙ্গাইল, এলেঙ্গা, ঘাটাইল, গোপালপুর, ধনবাড়ী ও মধুপুর রুটে বাস পরিচালনা করে বিনিময় পরিবহন।
প্রতিষ্ঠানটির কাউন্টার ম্যানেজার আবদুল কাদের জানান, টাঙ্গাইল ও মধুপুর রুটে তাদের বাস নিয়মিত চলাচল করলেও মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দুটি ট্রিপ বাতিল করতে হয়েছে। এ ছাড়া তাদের একটি বাস পথে আটকা পড়ে। বাসটি পুড়িয়ে দেওয়ার আশঙ্কায় পরবর্তী সময়ে আর কোনো বাস ছাড়েননি তারা।
আবদুল কাদের বলেন, ‘দুটি ট্রিপ থেকে প্রায় ৫০ হাজার টাকা আয় হতো। কিন্তু আজ সেই আয় হয়নি।’
অন্যদিকে, ঢাকা থেকে কাপাসিয়া, টোক ও পাকুন্দিয়া হয়ে কিশোরগঞ্জ রুটে বাস পরিচালনা করে অনন্যা পরিবহন।
প্রতিষ্ঠানটির কাউন্টার ইনচার্জ মো. শামীম মিয়া জানান, গাজীপুর অংশে যান চলাচল বন্ধ থাকায় বাসের নির্ধারিত সময়সূচি বজায় রাখা সম্ভব হয়নি। এ কারণে সকাল থেকে তাদের চারটি ট্রিপ বাতিল করতে হয়েছে। পাশাপাশি নির্ধারিত সময়ে যাত্রার জন্য কাউন্টারে আসা যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। তাদের অনেকেই শেষ পর্যন্ত যাত্রা বাতিল করেন।
এ ছাড়া কটিয়াদী, কিশোরগঞ্জ, করিমগঞ্জ ও চামড়াবন্দর রুটে চলাচলকারী উজান ভাটি পরিবহনও সমস্যায় পড়ে।
প্রতিষ্ঠানটির কাউন্টার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, মহাসড়কে দীর্ঘ সময় বাস আটকে থাকায় তাদের দুটি ট্রিপ পরিচালনা করা সম্ভব হয়নি। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। পাশাপাশি টার্মিনালে বাসের নির্ধারিত ট্রিপের ধারাবাহিকতা বা রোটেশন ঠিক রাখতেও সমস্যার সৃষ্টি হয়েছে।
সব মিলিয়ে গাজীপুর ও সাভারে শ্রমিকদের বিক্ষোভ এবং মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাস চলাচলে বড় ধরনের সময়সূচিগত বিপর্যয় দেখা দেয়। এতে যাত্রীদের দুর্ভোগের পাশাপাশি পরিবহন কোম্পানিগুলোও নির্ধারিত ট্রিপ ও আয় হারিয়েছে।
সময়ের আলো/ইউএমএইচ