হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

হৃদযন্ত্রে সফলভাবে রিং (স্টেন্ট) পরানোর পর চিকিৎসকদের ছাড়পত্র নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত

2026-11-17T19:23:36+00:00
2026-11-17T19:23:36+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
জাতীয়
হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:২৩ পিএম 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সংগৃহীত ছবি
হৃদযন্ত্রে সফলভাবে রিং (স্টেন্ট) পরানোর পর চিকিৎসকদের ছাড়পত্র নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বর্তমানে তিনি সুস্থ ও আশঙ্কামুক্ত রয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তার শারীরিক অবস্থা স্থিতিশীল পাওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেন। 

তবে স্বাস্থ্যমন্ত্রীর অসুস্থতার সময় তাকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এমনকি জাতীয় সংসদেও মন্ত্রীর অসুস্থতা নিয়ে তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। মন্ত্রণালয়ের দুই শীর্ষ ব্যক্তির এমন অবস্থান নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা তৈরি হয়েছে।

সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন উঠেছে, বিভিন্ন বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কঠোর অবস্থানের কারণে প্রতিমন্ত্রীর সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে কি না।

গত ১৪ নভেম্বর সকালে বুকে ব্যথা অনুভব করলে দ্রুত স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় তার হৃদযন্ত্রের রক্তনালিতে ব্লক ধরা পড়ে।

পরদিন ১৫ নভেম্বর বিকেলে অধ্যাপক ডা. এনএএম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল তার হৃদযন্ত্রের দুটি ব্লকে সফলভাবে রিং পরান। একই সঙ্গে অপর ব্লকটিতে বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করার ডাইলেশন পদ্ধতি প্রয়োগ করা হয়।

এরপর একদিন সিসিইউতে এবং পরবর্তী সময়ে হাসপাতালের কেবিনে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মঙ্গলবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। পরে তিনি নিজ বাসায় ফিরে যান।

স্বাস্থ্যমন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান একাধিকবার ফোন করে তার শারীরিক অবস্থার খোঁজ নেন। সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, বিরোধী দল এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রীর নির্দেশে তার ব্যক্তিগত চিকিৎসকও হাসপাতালে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। তবে রাজনৈতিক ও প্রশাসনিক মহলের এত তৎপরতার মধ্যেও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত তাকে দেখতে হাসপাতালে যাননি।

মন্ত্রীর অসুস্থতার খবর পাওয়ার পর চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন। সরকারদলীয় একাধিক মন্ত্রী ও সংসদ সদস্যও তার খোঁজখবর নেন।

এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই সচিব, অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা হাসপাতালে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর চিকিৎসার বিষয়ে খোঁজ নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটুও হাসপাতালে যান। প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (স্বাস্থ্যবিষয়ক) ড. এস এম জিয়াউদ্দিন হায়দারও স্বাস্থ্যমন্ত্রীর খোঁজখবর নেন।


বিরোধী দলীয় নেতার প্রতিনিধি হিসেবে এনসিপির সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, জাতীয় পার্টির নেতা রুহুল আমিন হাওলাদারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও হাসপাতালে গিয়ে মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও একাধিকবার ফোন করে তার স্বাস্থ্যের বিষয়ে খোঁজ নিয়েছেন বলে জানা গেছে।

মন্ত্রণালয়ের প্রধান ব্যক্তির অসুস্থতার সময় প্রতিমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের কেউ কেউ মনে করছেন, মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ দায়িত্ব বণ্টন, সিদ্ধান্ত গ্রহণ এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থানসহ বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থেকে দুই শীর্ষ ব্যক্তির মধ্যে দূরত্ব তৈরি হয়ে থাকতে পারে।

এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী সময়ের আলোকে বলেন, হৃদযন্ত্রে সফলভাবে রিং (স্টেন্ট) পরানোর পর চিকিৎসকদের ছাড়পত্র নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।

অন্যদিকে, স্বাস্থ্যমন্ত্রীকে দেখতে প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত হাসপাতালে গিয়েছিলেন কি না, সে বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. সারোয়ার সালাম সময়ের আলোকে বলেন, বিষয়টি তার জানা নেই। প্রতিমন্ত্রী হাসপাতালে গিয়েছেন কি না, সে সম্পর্কেও তিনি নিশ্চিত নন। 

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   হাসপাতাল  ছাড়পত্র  বাসা  স্বাস্থ্যমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: