প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১:২৪ এএম
ছবি : সংগৃহীত গেল ১০ দিনে দেশে ৫৯টি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যেখানে পুলিশের গাড়ি থেকে শুরু করে সংস্থাটির একাধিক স্থাপনায়ও ককটেল বিস্ফোরণ করা হয়। এ ছাড়া এই সময়ে অন্তত ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে সব নাশকতা ঠেকাতে পুলিশ সতর্ক রয়েছে ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। এদিকে এসব ঘটনায় মোট ৩৩টি মামলা হয়েছে এবং ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ৭ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সারা দেশে এসব নাশকতার ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
পুলিশ সদর দফতরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা গতকাল গণমাধ্যমকে বলেন, নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে। পাশাপাশি সিসি ক্যামেরা পর্যবেক্ষণ, সাইবার মনিটরিং এবং গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ ক্ষেত্রে জনসাধারণের সহযোগিতাও নেওয়া হচ্ছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রতিটি নাশকতার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে শুধু ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়া নয়, নাশকতা প্রতিরোধে আগাম তথ্য সংগ্রহ, ঝুঁকি নিরূপণ ও প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ডিসেম্বর মাস ঘিরে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছেন বলে তথ্য পেয়েছে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো। গ্রেফতার কয়েকজনকে জিজ্ঞাসাবাদ এবং মুঠোফোনের কথোপকথন ও বার্তা বিশ্লেষণ করে তারা এ তথ্য পেয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, সড়ক ও নৌপথে নাশকতা চালিয়ে গোপালগঞ্জসহ আশপাশের চার জেলাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা রয়েছে দলটির নেতাকর্মীদের। পাশাপাশি ঢাকায় জমায়েত করার পরিকল্পনাও তাদের আছে। তবে পুলিশ সতর্ক রয়েছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র জানায়, ঢাকায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের প্রস্তুতিকালে মশাল, ককটেল, লাঠিসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫০ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি। গত সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের গ্রেফতার করা হয়। এদিন ডিএমপি এক খুদে বার্তায় এ তথ্য জানায়। এর আগে গত রোববার সকাল থেকে গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির এক সদস্যসহ ২৯ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।
সময়ের আলো/প্রিন্ট/জেডি