সব হত্যার বিচার নিশ্চিত করতে চায় সরকার : আইনমন্ত্রী

সংসদ প্রতিবেদক

জাতীয়

বিগত ১৬-১৭ বছরে সংঘটিত খুন, গুম, রাজনৈতিক নিপীড়ন ও মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো.

2026-11-18T03:39:47+00:00
2026-11-18T03:39:47+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
জাতীয়
সব হত্যার বিচার নিশ্চিত করতে চায় সরকার : আইনমন্ত্রী
সংসদ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩:৩৯ এএম 
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত
বিগত ১৬-১৭ বছরে সংঘটিত খুন, গুম, রাজনৈতিক নিপীড়ন ও মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, কোনো বাধা বা প্রতিকূলতাই ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার থেকে সরকারকে সরাতে পারবে না। বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটিয়ে অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। 

মঙ্গলবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি এ অঙ্গীকারের কথা জানান। একই সঙ্গে তিনি মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান, বিশ্বজিৎ দাস ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচারিক অগ্রগতির কথা তুলে ধরে বলেন, এসব মামলার আপিল শুনানি আগামী সপ্তাহ থেকে পর্যায়ক্রমে শুরু হওয়ার কথা রয়েছে।

আইনমন্ত্রী বলেন, যত ঝড় আসুক, যত বাধা আসুক না কেন, আমরা ন্যায়বিচারের পথ ধরেই হাঁটব। এটি শুধু ভুক্তভোগীদের প্রতি ন্যায়বিচার নয়, রাষ্ট্রের প্রতি আমাদের দায়বদ্ধতা। বিগত ১৬ বছরের বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটানো সরকারের অন্যতম অঙ্গীকার। এ সময়ে সংঘটিত খুন, গুম, রাজনৈতিক নিপীড়ন, মানবতাবিরোধী অপরাধসহ সব ধরনের অন্যায়ের বিচার করা হবে।

দ্রুত বিচার নিশ্চিত করার উদাহরণ হিসেবে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলার কথা তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি জানান, গত ১৯ মে ২০২৬ টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া— দেশের মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ও শোকের সৃষ্টি করেছিল এ ঘটনা। প্রতিবেশী সোহেল রানা শিশুটিকে ধর্ষণ ও হত্যা করে। আইনমন্ত্রী বলেন, ঘটনার পর মামলার আগেই পুলিশ অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেফতার করে। ১৯ মে ঘটনার পর ২৪ মে অভিযোগপত্র দেওয়া হয়। এরপর দ্রুত বিচার শেষে ১৭ জুন রায় ঘোষণা করা হয়। রায়ে সোহেল রানা ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আপিল মামলাও স্বল্পতম সময়ের মধ্যে নিষ্পত্তি হয়েছে বলে জানান তিনি। 

এ বিচার সম্পন্ন করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধান বিচারপতির ভূমিকার কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা, স্বরাষ্ট্রমন্ত্রীর দৃঢ়তা এবং প্রধান বিচারপতির বিচারিক সক্রিয়তা ও অনন্য ভূমিকার কারণে ন্যায়বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি রক্ষা করা সম্ভব হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

বিগত ১৬ বছরের গুম, খুন ও রাজনৈতিক নিপীড়নের ঘটনাগুলোর বিচারপ্রক্রিয়া এগিয়ে নিতে জেলাভিত্তিক তদন্তের উদ্যোগের কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু করতে যেখানে যে ধরনের তদন্ত দল পাঠানো প্রয়োজন, সরকার তা করবে। এ ছাড়া হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার প্রক্রিয়াকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংসদকে জানান তিনি।


হাইকোর্টে স্থগিত ও উচ্চ আদালতে বিচারাধীন কয়েকটি স্পর্শকাতর মামলার অগ্রগতিও সংসদে তুলে ধরে আইনমন্ত্রী জানান, মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান, বিশ্বজিৎ দাস ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার শুনানি আপিল বিভাগে শুরু করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকে পর্যায়ক্রমে এসব মামলার শুনানি শুরু হবে।

আইনমন্ত্রী বলেন, আলোচিত ও স্পর্শকাতর মামলাগুলোর বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়া সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়ন। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তির পরিচয় বা রাজনৈতিক অবস্থান বিবেচনায় না নিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠার এ উদ্যোগে রাজনৈতিক মতপার্থক্য ভুলে বিরোধী দলের সহযোগিতাও কামনা করেন আইনমন্ত্রী। তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে বের করে আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   হত্যা  বিচার নিশ্চিত  সরকার  আইনমন্ত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: