গোপালগঞ্জে সহিংসতায় জড়িতদের গ্রেফতার করা হবে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামী ১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে সরকার উদ্বিগ্ন নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা

2026-11-18T02:24:57+00:00
2026-11-18T02:24:57+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
জাতীয়
তথ্য উপদেষ্টা
গোপালগঞ্জে সহিংসতায় জড়িতদের গ্রেফতার করা হবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ২:২৪ এএম 
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি : সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামী ১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে সরকার উদ্বিগ্ন নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন তিনি। 

মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে সরকারের প্রস্তুতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এ ধরনের কর্মসূচি ঢাকায় তেমন কোনো প্রভাব ফেলবে না। সারা দেশেও বড় ধরনের সমস্যা হবে বলে সরকার মনে করছে না। এর আগেও আওয়ামী লীগের কর্মসূচি ছিল। ওই কর্মসূচির বিষয়ে আগের ব্রিফিংয়েও তিনি সরকারের অবস্থান জানিয়েছিলেন। এসব কর্মসূচি নিয়ে সরকার বড় ধরনের কোনো সমস্যা দেখছে না। 

তিনি বলেন, গোপালগঞ্জের ঘটনা নিয়ে সংসদে আলোচনা হয়েছে। তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীও বিষয়টি নিয়ে কথা বলেছেন। সরকার বাংলাদেশে কোনো ধরনের নাশকতা সহ্য করবে না। আওয়ামী লীগের নামে বর্তমানে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ। এ অবস্থায় মিছিল, সমাবেশ কিংবা সভা আয়োজন বেআইনি। সেখানে নৃশংসতা ও সহিংসতা, বিভিন্ন জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনা কোনোভাবেই সরকার সহ্য করবে না।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, যাদের ছবি দেখা গেছে, আপনারা দেখেছেন গতকাল থেকে ওখানে যৌথবাহিনী আছে, তারা গ্রেফতার হবে এবং তারা নিশ্চয়ই বিচারের সম্মুখীন হবেন। পলাতক আওয়ামী লীগ নেতাদের উসকানিতে দেশে অবস্থানরত যারা এসব কর্মকাণ্ডে জড়াচ্ছেন, তারা নিজেদের বিপদ ডেকে আনছেন। কারণ এসব কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ। এসব অপরাধের দায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বহন করতে হবে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে একজন পুলিশ সুপার গ্রেফতার এবং সরকারি কর্মকর্তাদের ওপর নজরদারি নিয়ে প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, সরকারের নজরদারি কীভাবে পরিচালিত হচ্ছে, তা প্রকাশ করা সম্ভব নয়। কারণ এর সঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় জড়িত। 

তিনি বলেন, দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় সরকারি বিভিন্ন পর্যায়ে অনেক কর্মকর্তা দলটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বা তাদের সঙ্গে রাজনৈতিকভাবে ঘনিষ্ঠতা ছিল। সেটি সমস্যা নয়। কারণ তারা প্রজাতন্ত্রের কর্মচারী এবং দায়িত্ব পালন করছেন। কিন্তু দায়িত্বে থাকা অবস্থায় কেউ যদি রাজনৈতিকভাবে কোনো দলের সঙ্গে সম্পৃক্ত থাকেন, সেটি অত্যন্ত উদ্বেগজনক। 

সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে জানিয়ে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকারের নিজস্ব ব্যবস্থা ও বিভিন্ন উপায় রয়েছে। সরকারের প্রয়োজন হলে প্রকৃত তথ্য সংগ্রহের সক্ষমতা রয়েছে। গোপালগঞ্জের ঘটনা ছাড়াও গঙ্গা পানি বণ্টন চুক্তি এবং বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারকের সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলেন উপদেষ্টা। 


তিনি জানান, আগামী ১২ ডিসেম্বর গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তবে চুক্তির পরের অবস্থা নিয়ে এখন পর্যন্ত নতুন কোনো তথ্য নেই। বাংলাদেশের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমাদের পক্ষ থেকে আমরা আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা কী চাই, কীভাবে চাই সেগুলো যথাসময়ে মিডিয়ার সামনে জানাব। 

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত সে রকম কোনো সম্ভাবনা নেই। চুক্তি নিয়ে আলোচনা ও সমঝোতার সঙ্গে প্রধানমন্ত্রীর সফরকে সরাসরি যুক্ত করার সুযোগ নেই। 

তিনি বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী শীর্ষ বৈঠকে বসলে কোনো চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তবে এ ধরনের চুক্তির বিষয়গুলো অনেক আগেই চূড়ান্ত হয়ে থাকে। গঙ্গা চুক্তির ক্ষেত্রেও বাংলাদেশের অবস্থান যথাসময়ে জানানো হবে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   গোপালগঞ্জ  সহিংসতা  জড়িত  গ্রেফতার  তথ্য উপদেষ্টা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: