সংগৃহীত ছবিরাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচলে শৃঙ্খলা ফেরানো, যানজট কমানো এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ই-রিকশা নিবন্ধন ও লাইসেন্সের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। নতুন বিধিমালা অনুযায়ী, সিটি করপোরেশন এলাকায় নিবন্ধন ও লাইসেন্স ছাড়া এসব রিকশা চলাচল করতে পারবে না। তবে ই-রিকশা আসলে কী, কারা লাইসেন্স পাবেন এবং আগে থেকে চলাচল করা পুরোনো অটোরিকশাগুলোর কী হবে, তা নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে।
ই-রিকশা কী?
ই-রিকশা হলো তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত যান। এটি বিদ্যুৎচালিত মোটরের সাহায্যে চলে। নতুন বিধিমালায় এ ধরনের রিকশার কারিগরি মান ও নিরাপত্তাবৈশিষ্ট্যের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত প্রযুক্তিগত মানদণ্ড ও নিরাপত্তাবৈশিষ্ট্য পূরণ, ফিটনেস সনদ এবং সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের প্রতিস্বাক্ষর ছাড়া কোনো ই-রিকশার নিবন্ধন বা নবায়ন করা যাবে না। এ ছাড়া নিবন্ধিত প্রতিটি ই-রিকশার জন্য কিউআর কোডযুক্ত স্বতন্ত্র নিবন্ধন নম্বর ও নম্বরপ্লেট দেওয়ার বিধান রাখা হয়েছে।
কারা পাবেন লাইসেন্স?
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ই-রিকশা উৎপাদনের অনুমতি পেতে হলে প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে কয়েকটি ধাপ পার হতে হবে। প্রথমে তাদের তৈরি মডেলকে বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্রসহ সিটি করপোরেশনে আবেদন করতে হবে। কাগজপত্র যাচাই-বাছাই ও কারখানা পরিদর্শনের পর সন্তোষজনক ফল পাওয়া গেলে উৎপাদনের অনুমতি দেওয়া হবে।
গত ১৫ নভেম্বর নগর ভবনে বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ ১৩টি প্রতিষ্ঠানের ই-রিকশা পরিদর্শন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। তিনি জানান, ১১টি প্রতিষ্ঠানের নকশা করা ই-রিকশা বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আরও চারটি প্রতিষ্ঠানের পরীক্ষা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিএসসিসির চারটি অঞ্চলে যথাক্রমে সবুজ, নীল, বেগুনি ও কমলা রঙের ই-রিকশা চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রতিটি জোনে নির্ধারিত সংখ্যার বেশি ই-রিকশাকে লাইসেন্স দেওয়া হবে না।
পুরোনো অটোরিকশার কী হবে?
আগে থেকে চলাচল করা অটোরিকশাগুলো লাইসেন্স পাবে কি না, এমন প্রশ্নের জবাবে ডিএসসিসি প্রশাসক জানিয়েছেন, বিষয়টি নতুন বা পুরোনো মডেলের ওপর নির্ভর করবে না। যাত্রীর নিরাপত্তা ও সড়কের শৃঙ্খলাই এখানে মুখ্য। বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হলে নতুন কিংবা পুরোনো যেকোনো মডেলের ই-রিকশাই লাইসেন্স পেতে পারে।
ই-রিকশার নিবন্ধন
গত ৩ নভেম্বর থেকে ডিএসসিসি এলাকায় ই-রিকশার নিবন্ধনের আবেদন ফরম বিক্রি শুরু হয়েছে। প্রতিটি ফরমের মূল্য ১০০ টাকা। ১৫ নভেম্বর পর্যন্ত প্রায় ২৭ হাজার ফরম বিক্রি হয়েছে।
তবে ফরম সংগ্রহ বা আবেদন করলেই নিবন্ধন নিশ্চিত হবে না। নির্ধারিত শর্ত পূরণ এবং কারিগরি ও অন্যান্য যাচাই-বাছাই শেষে যোগ্য ই-রিকশাগুলোকে নিবন্ধনের অনুমতি দেওয়া হবে।
গত ২৯ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ নতুন বিধিমালা জারি করে। এর মাধ্যমে সিটি করপোরেশন এলাকায় ই-রিকশা চলাচল নিবন্ধন ও লাইসেন্সের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
সময়ের আলো/কেএইচও