ডাকসুর ৫ম সভায় একগুচ্ছ সিদ্ধান্ত

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ৫ম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টায় ডাকসুর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত

2026-08-20T21:59:34+00:00
2026-08-20T21:59:34+00:00
 
  বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিক্ষা
ডাকসুর ৫ম সভায় একগুচ্ছ সিদ্ধান্ত
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৯:৫৯ পিএম 
ডাকসুর ৫ম সভা অনুষ্ঠিত । ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ৫ম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টায় ডাকসুর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণ, ক্যাম্পাসের অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা, আবাসন, শিক্ষা ও গবেষণা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। ডাকসুর জিএস এস এম ফরহাদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, এজিএস মহিউদ্দিন খান ও ট্রেজারার অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেন। এ সময় ডাকসুর নির্বাচিত সম্পাদকমণ্ডলী ও কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে পরবর্তী ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার জন্য উপাচার্যের প্রতি জোর দাবি জানানো হয়। উপাচার্য জানান, ডাকসু নির্বাচন বিষয়ে প্রাথমিক একটি সেল গঠন করা হয়েছে এবং দ্রুত তফসিল ঘোষণা করা হবে।

শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালুর অগ্রগতি শিক্ষার্থীদের জানাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিস্তারিত তথ্য নোটিশ আকারে প্রকাশের আশ্বাস দেন উপাচার্য। পাশাপাশি শাহবাগ থানায় ছাত্রদল কর্তৃক ডাকসু নেতৃবৃন্দ ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আগামী সোমবারের মধ্যে সন্তোষজনক অগ্রগতি না হলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়। জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ছাত্রলীগের নেতাকর্মী ও সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

ডাকসুর আয়-ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেনকে প্রধান করে একটি অডিট কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত ইন্টারনাল অডিটের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শিক্ষার্থীদের খাদ্য ও দৈনন্দিন সুবিধা নিশ্চিত করতে কার্জন হলে ক্যান্টিন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মোকাররম ভবন ও অ্যানেক্স ভবনে ক্যান্টিন স্থাপনের জন্য স্পেস বরাদ্দের বিষয়ে দ্রুত স্পেস কমিটির সভা আহ্বানের নির্দেশ দিয়েছেন উপাচার্য। এ ছাড়া শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ফুড সেফটি কমিটি গঠনের নীতিগত সম্মতি দিয়েছেন তিনি। কমিটিতে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক, ফুড সেফটি অথরিটির প্রতিনিধি এবং ডাকসুর প্রতিনিধিদের রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।


নারী শিক্ষার্থীদের হয়রানি কমাতে সংশ্লিষ্ট কমিটিকে সক্রিয় করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে নারী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত জিমনেসিয়াম চলতি মাসে উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়। অনাবাসিক নারী শিক্ষার্থীদের হলে প্রবেশাধিকার, আন্তঃহল যাতায়াতের সুযোগ এবং ডিজিটাল এন্ট্রি-এক্সিট ব্যবস্থা চালুর বিষয়েও প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।

ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে রিকশা চলাচল নিয়ন্ত্রণ, প্রবেশদ্বারে প্রয়োজনীয় জনবল নিয়োগ, ডিজিটাল গেট স্থাপন এবং কার্যকর পুলিশিং ব্যবস্থা বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। এ বিষয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন উপাচার্য। হলপাড়ায় ফার্মেসি ও সাইকেল গ্যারেজ স্থাপনের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের জন্য ‘ওয়ান ডিইউ অ্যাপ’ তৈরির প্রস্তাব সভায় সর্বসম্মতভাবে গৃহীত হয়। প্রস্তাবিত অ্যাপে হলের সিট বণ্টন, পেমেন্ট ও নিয়মিত কার্যক্রম, বিভাগীয় একাডেমিক প্রোফাইল, কোর্স, শিক্ষক মূল্যায়ন এবং বিভিন্ন প্রশাসনিক সেবা ও ই-নথি ব্যবস্থার সুবিধা যুক্ত করার কথা রয়েছে।

শিক্ষার্থীদের ভোটে ‘Teacher Who Inspired Me’ থিমে বেস্ট টিচার অ্যাওয়ার্ড চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তায় একটি ডিসএবিলিটি সাপোর্ট সেল গঠনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয় এবং এতে উপাচার্য নীতিগত সম্মতি দেন। শিক্ষার্থীদের একাডেমিক ও গবেষণামূলক কার্যক্রমে যুক্ত করতে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ ও রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ চালুর বিষয়েও প্রয়োজনীয় কার্যক্রম নেওয়ার সিদ্ধান্ত হয়।

ক্যাম্পাস অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে ডাকসু সংগ্রহশালার সংস্কার দ্রুত শেষ করে চলতি মাসেই উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডাকসুর উদ্যোগে পাওয়া দুই কোটি টাকা দিয়ে কেন্দ্রীয় খেলার মাঠ সংস্কারের দাবিও জানানো হয়। কলা ভবন ও বিজনেস ফ্যাকাল্টির লিফট সংস্কারের বিষয়েও আলোচনা হয়। বিজনেস ফ্যাকাল্টির লিফটের ব্যবস্থা ডাকসু করবে এবং কলা ভবনের লিফট সংস্কারে প্রশাসন ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পরমাণু শক্তি কমিশন অন্যত্র সরিয়ে নেওয়া, উপযুক্ত ভবনের ছাদে হাইব্রিড মডেলের সোলার প্যানেল স্থাপন এবং দীর্ঘদিন বন্ধ থাকা ই-লাইব্রেরি দ্রুত সংস্কারের বিষয়েও আলোচনা ও দাবি জানানো হয়।

আবাসিক হলের সিট বরাদ্দে স্বচ্ছ নীতিমালা প্রণয়নের অগ্রগতি তদারকি এবং দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। প্রতিটি হলে আইটি ও ক্যারিয়ার সেন্টার স্থাপন এবং একজন করে অপারেটর নিয়োগের বিষয়েও আলোচনা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রায় ২ হাজার ৮৪১ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রথম ধাপে আবাসিক হলগুলোকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানায় ডাকসু।

উচ্চশিক্ষায় আবেদনকালে শিক্ষার্থীদের হয়রানি কমাতে বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটে পাসের তারিখ ও সনদ প্রদানের তারিখ আলাদাভাবে উল্লেখের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের স্বাস্থ্যবীমা সংক্রান্ত জটিলতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

সভায় উপাচার্যের সঙ্গে ডাকসু ও হল সংসদের মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্তও নেওয়া হয়। এসব বিষয়ে উপাচার্য সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা ও ইতিবাচক আশ্বাস দিয়েছেন।

সময়ের আলো/টিকে


  বিষয়:   ডাকসু  ৫ম সভা  সিদ্ধান্ত  সময়ের আলো 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: