ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান কমিটির মেয়াদ আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে শেষ হচ্ছে। এরই মধ্যে পরবর্তী ডাকসু নির্বাচন আয়োজনের প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচন কীভাবে আয়োজন করা হবে, সে বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা এবং আবাসিক হলগুলোর সার্বিক পরিস্থিতি পর্যালোচনার সিদ্ধান্ত হয়েছে। তবে এখনো নির্বাচনের তফসিল চূড়ান্ত হয়নি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে ডাকসু নির্বাচন আয়োজন নিয়ে প্রথম দফা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সভায় দুই উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, ২০২৫ সালের ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এবং বিভিন্ন আবাসিক হলের প্রাধ্যক্ষরা উপস্থিত ছিলেন।
বৈঠকে নির্বাচনী প্রক্রিয়া কীভাবে এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে প্রাথমিক আলোচনা হয়। প্রশাসনের এক সদস্য নাম না প্রকাশের শর্তে জানান, ডাকসু নির্বাচন আয়োজন একটি দীর্ঘ প্রক্রিয়া এবং এর সঙ্গে শিক্ষার্থী, ছাত্রসংগঠন, হল প্রশাসনসহ বিভিন্ন অংশীজন জড়িত। তাই পর্যায়ক্রমে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নির্বাচন আয়োজনের বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাবে প্রশাসন।
নির্বাচনের প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিভিন্ন আবাসিক হলের প্রাধ্যক্ষদের নিজ নিজ হলে ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর মতামত শোনার জন্য মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হবে বলে জানা গেছে। প্রাধ্যক্ষরা হল পর্যায়ে বৈঠক করে সেখানকার পরিস্থিতি ও সংগঠনগুলোর মতামত প্রশাসনকে জানাবেন।
বৈঠকে বিগত ডাকসু নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আরও সতর্কভাবে নির্বাচন আয়োজনের বিষয়েও আলোচনা হয়েছে। আগের নির্বাচনে দেখা দেওয়া বিভিন্ন ত্রুটি ও বিতর্কের পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। সব অংশীজনের পর্যবেক্ষণ, মতামত ও আপত্তি বিবেচনায় নিয়ে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের সম্ভাব্য প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়।
এদিকে আসন্ন ডাকসু নির্বাচন আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেটে এখন পর্যন্ত কোনো পৃথক বরাদ্দ রাখা হয়নি। তবে নির্বাচন আয়োজনের ব্যয় নিয়ে বৃহস্পতিবারের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়নি বলে জানিয়েছেন সভায় উপস্থিত এক হল প্রাধ্যক্ষ।
এর আগে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ওই বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি ডাকসু নির্বাচন নিয়েও আলোচনা হয় বলে জানান উপাচার্য। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্বাচন নিয়ে এগিয়ে যাওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তবে নির্বাচনের তফসিল কবে হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম জানিয়েছেন, নির্বাচনের তফসিল এখনো চূড়ান্ত হয়নি এবং বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।
সময়ের আলো/টিকে