
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সংগৃহীত ছবি
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সংগৃহীত ছবি এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে বিপুলসংখ্যক শিক্ষার্থীর গ্রেড পরিবর্তনের ঘটনায় উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরীক্ষকদের মূল্যায়নে দুর্বলতার কারণেই এত শিক্ষার্থীর ফল পরিবর্তন হচ্ছে বলে মনে করেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘কর্মসংস্থান সৃষ্টিতে তরুণ উদ্যোক্তা: বিশ্ববিদ্যালয়ই হতে পারে নতুন উদ্যোক্তা সৃষ্টির সূতিকাগার’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোতেই এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে ২৫ হাজার ৮০০ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। পরীক্ষকদের খাতা মূল্যায়নে কতটা দুর্বলতা থাকলে পুনর্নিরীক্ষণের পর এত শিক্ষার্থীর নম্বর বাড়ে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
তিনি বলেন, ‘আগে কী ছিল? না লিখলেও পাস করিয়ে দিতে হবে। এবার আমরা দেখছি, শিক্ষার্থী লিখেছে কি না, লেখাটা সঠিক হয়েছে কি না, পরীক্ষক ঠিকভাবে খাতা মূল্যায়ন করতে পারছেন কি না।’
এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী বলেন, ওই পরীক্ষায় সাড়ে চার হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। পাঁচ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৯ জন। আর এইচএসসি পরীক্ষায় ২৫ হাজার ৮০০ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে।
এত শিক্ষার্থীর ফল পরিবর্তনের কারণ হিসেবে পরীক্ষকদের মূল্যায়নের দুর্বলতাকে দায়ী করে তিনি বলেন, ‘তার মানে দুর্বলতাটা পরীক্ষকদের মধ্যে। ইউ রিয়ালাইজ ইট।’
উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার ওপর গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শিক্ষার্থীরা খাতায় কী লিখেছে, তাদের উত্তর সঠিক কি না এবং পরীক্ষকরা যথাযথভাবে নম্বর দিচ্ছেন কি না, এসব বিষয় গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ প্রসঙ্গে ড. এহছানুল হক মিলন বলেন, ১ থেকে ৭ নভেম্বরের মধ্যে দুই লাখের বেশি খাতা পুনর্মূল্যায়ন করে ফল প্রকাশ করা হয়েছে। এ সময় আবেদনের সুযোগ বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও দুই দিন সময় বাড়ানোর অনুরোধ জানিয়েছেন বলেও জানান তিনি।
সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশের সময়সীমা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সাপ্লিমেন্টারি পরীক্ষার আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার বিষয়ে উচ্চ আদালতে রিট হয়েছিল। এ-সংক্রান্ত স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে। ফলে কাউকে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া থেকে আটকানো যাবে না। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর সংযোগ বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে এ কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সম্পৃক্ততা বাড়বে। পাশাপাশি তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগও তৈরি হবে।
সময়ের আলো/ইউএমএইচ