
কর্মসূচি পালন করছেন ‘রাবি সংস্কার আন্দোলন’ ও ‘মঞ্চ ২৪’ সংগঠনের নেতা-কর্মীরা। ছবি : সময়ের আলো
কর্মসূচি পালন করছেন ‘রাবি সংস্কার আন্দোলন’ ও ‘মঞ্চ ২৪’ সংগঠনের নেতা-কর্মীরা। ছবি : সময়ের আলো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট অধিবেশন আহ্বানের দাবিতে টানা অষ্টম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ‘রাবি সংস্কার আন্দোলন’ ও ‘মঞ্চ ২৪’ সংগঠনের নেতা-কর্মীরা।
এর আগে ১৬ নভেম্বর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রধান ফটকের সামনে অবস্থান নেন রাকসুর সাবেক জিএস সালাউদ্দিন আম্মারের নেতৃত্বাধীন রাবি সংস্কার আন্দোলনের নেতা-কর্মীরা। পরে এতে একাত্মতা জানায় মঞ্চ ২৪ নামের আরও একটি সংগঠন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে তারা।
সংগঠনটির আহ্বায়ক ও রাকসুর সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার বলেন, প্রশাসন রীতিমতো আমাদের উপেক্ষা করছে। তারা অডিটের নামে একটা মূলা ঝুলিয়ে রাখতে চাইছে, আমরাও চাই অডিট অবশ্যই হোক। তবে বিগত রাকসুর অডিটের সঙ্গে পরবর্তী রাকসুর তফসিল ঘোষণা না করার কোনোরকম যৌক্তিকতা নেই। আমরা যারা অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছি, আট দিন হোক কিংবা আট মাস; আমরা আমাদের দাবি আদায় করে নিয়ে তবেই উঠব।
রাবি সংস্কার আন্দোলনের সদস্য সচিব আরিফ আলভি বলেন, বৈরী আবহাওয়া উপেক্ষা করে আট দিন ধরে এখানে অবস্থান করছি, রাত কাটাচ্ছি। পরিস্থিতি যা-ই হোক, দাবি আদায় না হলে আমরা এখান থেকে সরব না।
এদিকে আন্দোলনকারীদের সঙ্গে ১৬ নভেম্বর সন্ধ্যায় উপাচার্যের কনফারেন্স কক্ষে আলোচনা করেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধিরা। আলোচনায় উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম রাকসুর অডিট সম্পন্ন হওয়ার আগে নির্বাচন দেওয়া সম্ভব নয় বলে জানালে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।
এদিকে উপাচার্য আন্দোলনকারীদের উদ্দেশ্য বলেন, আমি রিকুয়েস্ট করেছি, প্লিজ আপনারা এই অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে স্বাভাবিক পড়াশোনায় ফিরে যান।
উপাচার্য বলেন, রাকসুর বিগত কমিটির আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষার (অডিট) জন্য দ্রুত অডিট টিম গঠন করা হবে। আগামী দুই-এক দিনের মধ্যে বাকি হিসাব জমা না পড়লেও যারা ইতোমধ্যে হিসাব দিয়েছেন, তাদের হিসাব নিরীক্ষার কাজ শুরু হবে।
তিনি বলেন, অডিট কার্যক্রম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই রাকসু নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হবে। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে।
নির্বাচন কমিশন গঠনের আগে কিছু জটিলতার কথা জানিয়েছেন রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেতাউর রহমান। তিনি বলেন, একজন সম্পাদক হিসাব জমা দেননি, উপাচার্য জানিয়েছেন হিসাব জমা না দিলেও টিম গঠন করে অডিট সম্পন্ন করা হবে।
সময়ের আলো/এনএন