প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১০:৩৮ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি : সময়ের আলোজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কনসার্টকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ছাত্রীসহ কয়েকজন আহত হওয়ার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, গত ২০ নভেম্বর দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ৪৯তম ব্যাচ আয়োজিত কনসার্টে ৫২তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী এবং ৫৩তম ব্যাচের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এতে একজন নারী শিক্ষার্থীসহ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৫(ঘ) ধারা লঙ্ঘন, যা শৃঙ্খলা পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ। ঘটনার সার্বিক বিষয় পর্যালোচনা করে তদন্তপূর্বক সুনির্দিষ্ট সুপারিশসহ প্রতিবেদন প্রদানের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামানকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসরিন সুলতানা এবং দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুছ ছাত্তার। এ ছাড়া সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (প্রক্টর অফিস) মো. সোহেল রানা।
অফিস আদেশে কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সময়ের আলো/আতা