নদী নেই, তবু ঘাসের বুকে ভাসে ‘তরী’, স্বপ্ন বোনে দুই শতাধিক শিশু বিকেলের রোদ তখন সমাজবিজ্ঞান অনুষদের দেয়ালে হেলান দিয়ে ধীরে ধীরে বিদায় নিচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবুজ ঘাসের ওপর গড়ে উঠেছে কয়েকটি ছোট ছোট বৃত্ত। প্রতিটি বৃত্তে বসে আছে পাঁচ-ছয়জন শিশু। কারও হাতে বই, কারও সামনে খাতা। বৃত্তের মাঝখানে বসে একজন তরুণ। কখনো বই খুলে পাঠ বুঝিয়ে দিচ্ছেন, কখনো সামলাচ্ছেন শিশুদের দুষ্টুমি। একটু দূরেই একই দৃশ্যের পুনরাবৃত্তি। কোথাও পড়ার ফাঁকে হাসি, কোথাও বন্ধুর সঙ্গে খুনসুটি।
দূর থেকে দেখলে মনে হতে পারে, সবুজ মাঠে বসেছে কোনো ব্যতিক্রমী বিদ্যালয়। তবে এটি প্রচলিত কোনো স্কুল নয়। এখানে নেই শ্রেণিকক্ষ, বেঞ্চ কিংবা ঘণ্টা বাজার নিয়ম। শিক্ষকেরা কেউ পেশাদার নন, শিক্ষার্থীরাও কেউ অভিজাত পরিবারের সন্তান নয়। ক্যাম্পাসের আশপাশের বস্তি ও নিম্নআয়ের পরিবারের এসব শিশুর জন্য নিজেদের সময়, শ্রম ও ভালোবাসা নিয়ে হাজির হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ।
এই খোলা আকাশের পাঠশালার নাম ‘তরী’। নদী নেই, দাঁড় নেই, পালও নেই। তবু ঘাসের বুকে ভেসে চলেছে এই তরী। তার যাত্রী সুবিধাবঞ্চিত দুই শতাধিক শিশু, আর মাঝি বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশত স্বেচ্ছাসেবী শিক্ষার্থী। তাদের গন্তব্য কেবল অক্ষরজ্ঞান নয়, বরং এমন এক ভবিষ্যৎ, যেখানে অর্থনৈতিক সীমাবদ্ধতা কোনো শিশুর স্বপ্ন দেখার অধিকার কেড়ে নিতে পারবে না।
ঘণ্টা বাজে না, তবু বসে পাঠশালা
প্রতি সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার বিকেল পাঁচটার দিকে সমাজবিজ্ঞান অনুষদের সামনে জমতে থাকে শিশুদের ভিড়। কেউ আসে কাঁধে ব্যাগ ঝুলিয়ে, কেউ হাতে খাতা নিয়ে, আবার কেউ আসে খালি হাতে। পাঁচ-ছয়জন করে ছোট ছোট দলে ভাগ হয়ে বসে তারা। প্রতিটি দলের দায়িত্বে থাকেন একজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।
পাঠদান চলে প্রায় এক থেকে দেড় ঘণ্টা। তবে এখানে পড়াশোনার সঙ্গে মিশে থাকে খেলাধুলা, গল্প, খাবার আর আনন্দের নানা আয়োজন। শিশুদের বয়স ও শ্রেণি অনুযায়ী চলে পাঠদান। কোনো শিশু পড়া না বুঝলে আবার বোঝানো হয়। ভুল করলে ধমকের পরিবর্তে দেওয়া হয় শেখার সুযোগ।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই শিক্ষকেরা কেউ পারিশ্রমিক পান না। নিজেদের অ্যাকাডেমিক ব্যস্ততার মধ্যেও সময় বের করে শিশুদের পড়াতে আসেন তারা। অনেক সময় নিজেদের পকেটের টাকায়ও সহযোগিতা করেন শিশুদের।
আঠারো বছরের পথচলা, দুই শতাধিক স্বপ্ন
২০০৮ সালের ২৮ এপ্রিল ‘আলোর পথে আমরা’ স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করে ‘তরী’। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২৯, ৩০ ও ৩১তম আবর্তনের কয়েকজন শিক্ষার্থীর হাত ধরে গড়ে ওঠে এই সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
শুরুটা ছিল খুব ছোট পরিসরে। বিশ্ববিদ্যালয়ের আশপাশে রিকশাচালক, শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সন্তানদের অনেকেই অর্থনৈতিক সংকটের কারণে নিয়মিত পড়াশোনার সুযোগ পেত না। কারও পরিবারে ছিল না গৃহশিক্ষক রাখার সামর্থ্য, কারও আবার বিদ্যালয়ে ভর্তি হওয়াটাই ছিল কঠিন। এমন শিশুদের শিক্ষার সুযোগ তৈরি এবং ঝরে পড়া রোধের চিন্তা থেকেই ‘তরী’র যাত্রা।
সংগঠনটির সঙ্গে শুরু থেকেই যুক্ত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. তারিকুল ইসলাম। উদ্যোগটির শুরুর প্রেক্ষাপট তুলে ধরে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ক্যাম্পাসে খেটে খাওয়া মানুষের সন্তানদের শিশুশ্রমে যুক্ত হতে দেখতেন তারা। অনেক পরিবারের কাছে প্রাথমিক শিক্ষার গুরুত্বও স্পষ্ট ছিল না। এসব শিশুর কথা চিন্তা করেই কয়েকজন শিক্ষার্থী মিলে ‘তরী’র কার্যক্রম শুরু করেন।
প্রতিষ্ঠার পর আঠারো বছর পেরিয়ে গেছে। সময়ের সঙ্গে বদলেছে সংগঠনের পরিসর, বেড়েছে স্বেচ্ছাসেবী ও শিক্ষার্থীর সংখ্যা। বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কার্যক্রমে যুক্ত রয়েছে দুই শতাধিক শিশু। তাদের পাঠদান ও অন্যান্য কার্যক্রম পরিচালনায় কাজ করছেন প্রায় অর্ধশত স্বেচ্ছাসেবী।
বইয়ের বাইরেও যে ভালোবাসার পাঠ
‘তরী’র কাজ কেবল সপ্তাহে তিনদিন পাঠদানেই সীমাবদ্ধ নয়। শিশুদের শিক্ষাজীবন সচল রাখতে নানা ধরনের সহায়তা দিয়ে থাকে সংগঠনটি। বছরের শুরুতে তাদের হাতে তুলে দেওয়া হয় বই, খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ। অর্থের অভাবে কোনো শিশু বিদ্যালয়ে ভর্তি হতে না পারলে সংগঠনের শিক্ষা তহবিল থেকে তার ভর্তির ব্যবস্থা করা হয়। ভালো ফলাফল করা শিক্ষার্থীদের দেওয়া হয় শিক্ষাবৃত্তি।
শীত এলে শিশুদের জন্য থাকে কম্বল ও গরম কাপড়ের ব্যবস্থা। বিজয় দিবসসহ বিভিন্ন বিশেষ আয়োজনে দেওয়া হয় খাবার। পাশাপাশি আয়োজন করা হয় শিক্ষা সফর, বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃক্ষরোপণের মতো সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত করা হয় শিশুদের।
এসব আয়োজনের মধ্য দিয়ে শিশুদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, সামাজিকতা, সহযোগিতা ও সৃজনশীলতার চর্চার সুযোগ তৈরি করতে চায় ‘তরী’।
সংগঠনটির সাধারণ সম্পাদক ইতিহাস বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী ফাহিমা তাম্মির কাছে ‘তরী’ একটি ছোট্ট বাগানের মতো, যেখানে সুবিধাবঞ্চিত শিশুরা সম্ভাবনার ফুল হয়ে বেড়ে উঠছে।
তিনি বলেন, সপ্তাহে তিন দিন স্বেচ্ছাসেবীরা কোনো পারিশ্রমিক ছাড়াই শিশুদের পাঠদান করেন। তাদের শিক্ষা উপকরণ, খাবার ও শীতবস্ত্রের ব্যবস্থাও করা হয়। ভবিষ্যতে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কনসহ আরও নানা সাংস্কৃতিক কার্যক্রম যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
‘স্যার-ম্যাডামরা বকা দেন না’
এই পাঠশালার সবচেয়ে বড় আকর্ষণ হয়তো শিশুদের কাছে এর আনন্দময় পরিবেশ। গোকুলনগর স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মরিয়ম নিয়মিত আসে ‘তরী’তে। এখানে কী ভালো লাগে জানতে চাইলে তার উত্তর খুবই সরল স্যার-ম্যাডামরা তাকে বকা দেন না।
পড়াশোনার পাশাপাশি বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতে পারে, মাঝে মাঝে নাশতা ও উপহারসামগ্রীও পায় তারা। তাই বিদ্যালয়ের বাইরে এই পাঠশালাটিও তার কাছে হয়ে উঠেছে আনন্দের একটি ঠিকানা।
মরিয়মের ছোট্ট উত্তরটি হয়তো ‘তরী’র দর্শনকে সবচেয়ে সহজভাবে তুলে ধরে। কারণ, শিশুর জন্য শিক্ষা শুধু বইয়ের পাতা মুখস্থ করা নয়; শেখার পরিবেশে নিরাপত্তা, আনন্দ ও ভালোবাসা পাওয়াও সমান গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫-এর তথ্য অনুযায়ী, দেশে ৫ থেকে ১৭ বছর বয়সী শিশুদের মধ্যে শিশুশ্রমের হার ২০১৯ সালের ৬ দশমিক ৮ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে। জরিপে আরও দেখা যায়, বিদ্যালয়ের বাইরে থাকা শিশুদের কাজে যুক্ত হওয়ার ঝুঁকি বিদ্যালয়ে যাওয়া শিশুদের তুলনায় প্রায় চার গুণ বেশি।
অন্যদিকে, এক থেকে ১৪ বছর বয়সী শিশুদের ৮৫ দশমিক ৭ শতাংশ গত এক মাসে কোনো না কোনো ধরনের সহিংস শাসনের শিকার হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। এমন বাস্তবতায় শিশুদের জন্য বকাঝকা ও ভীতির বাইরে একটি আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করাও ‘তরী’র গুরুত্বপূর্ণ অর্জন।
শিশুদের পড়াতে এসে বদলে যাচ্ছেন শিক্ষার্থীরাও
‘তরী’র পাঠশালায় শুধু শিশুরাই শেখে না, শেখেন তাদের শিক্ষকেরাও। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এটি একদিকে সামাজিক দায়বদ্ধতা পালনের জায়গা, অন্যদিকে নিজেদের মানবিক ও ব্যক্তিগত দক্ষতা বিকাশেরও সুযোগ।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রিকেল চাকমা ‘তরী’র একজন স্বেচ্ছাসেবী। প্রথমবার ক্লাস নেওয়ার পর থেকেই জায়গাটির প্রতি তার ভালো লাগা তৈরি হয়েছে।
রিকেল বলেন, ক্যাম্পাসে হাঁটার সময় ছোট ছোট শিশুরা তাকে ‘ভাইয়া’ বলে ডাকত। সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। এখন তাদের পড়ানোর সুযোগ পেয়ে তিনি আনন্দ পান। নিজের সামর্থ্য অনুযায়ী শিশুদের সহযোগিতা করতে পারার মধ্যে এক ধরনের মানসিক তৃপ্তি খুঁজে পান তিনি।
৫১তম আবর্তনের শিক্ষার্থী সামিয়া নিয়মিত শিশুদের ক্লাস নেন। তার কাছে সারাদিনের ক্লান্তির পর শিশুদের সঙ্গে সময় কাটানো একধরনের প্রশান্তি। তাদের হাসি, খেলা ও আনন্দ তাকে প্রফুল্ল করে তোলে।
তিনি বলেন, ‘তরী’তে শিশুদের পড়াতে গিয়ে নিজের পড়ানোর অভিজ্ঞতা হচ্ছে, আত্মবিশ্বাস বাড়ছে এবং ধৈর্য ও সহনশীলতা তৈরি হচ্ছে।
অর্থাৎ এই পাঠশালায় শিক্ষার আদান-প্রদান একমুখী নয়। শিশুরা যেমন অক্ষর ও জ্ঞান অর্জন করছে, তেমনি বিশ্ববিদ্যালয়ের তরুণেরাও শিখছেন দায়িত্ববোধ, সহমর্মিতা ও মানুষের পাশে দাঁড়ানোর পাঠ।
ছোট্ট পরিসর ছাড়িয়ে বড় স্বপ্ন
বর্তমানে ‘তরী’র কার্যক্রম আর শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকেন্দ্রিক নেই। ২০২৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়েও শুরু হয়েছে সংগঠনটির কার্যক্রম। ভবিষ্যতে দেশের অন্যান্য অঞ্চলেও এই উদ্যোগ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সংগঠনটির সভাপতি তারেক আহমেদ বলেন, অর্থনৈতিক ও সামাজিক নানা সংকটের কারণে সুবিধাবঞ্চিত শিশুরা সহজেই পড়াশোনা থেকে ঝরে পড়ে। ‘তরী’ তাদের শিক্ষাজীবন চালিয়ে যেতে সহযোগিতা করার পাশাপাশি ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে শেখায়। আরও বেশি শিশুকে এই কার্যক্রমের আওতায় আনতে বিভিন্ন এলাকায় নিয়মিত প্রচারণাও চালানো হচ্ছে।
প্রতিষ্ঠাতাদের একজন অধ্যাপক ড. তারিকুল ইসলামের প্রত্যাশা, ‘তরী’র কার্যক্রম বিশ্ববিদ্যালয় কিংবা নির্দিষ্ট কোনো এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে পড়বে এই উদ্যোগ। যেন অর্থনৈতিক অসচ্ছলতার কারণে কোনো শিশুকে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হতে না হয়।
সম্ভাবনার পথে কিছু সীমাবদ্ধতা
স্বপ্নের পরিধি বড় হলেও ‘তরী’র পথচলা পুরোপুরি মসৃণ নয়। সংগঠনটির কার্যক্রম পরিচালিত হয় মূলত দাতা ও শুভাকাঙ্ক্ষীদের আর্থিক সহযোগিতায়। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনো আর্থিক সহায়তা এখনো পাওয়া যায়নি।
সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ওসমান গনি। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বেচ্ছায় শিশুদের পড়ান। দাতাদের সহযোগিতায় শিক্ষা উপকরণ, খাবার, শীতবস্ত্রসহ অন্যান্য কার্যক্রম পরিচালিত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পাওয়া গেলে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হতো।
তবে সীমিত সামর্থ্যের মধ্যেও অর্জন একেবারে কম নয়। ‘তরী’র একজন শিক্ষার্থী ইতোমধ্যে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আঠারো বছরের পথচলায় এটিকে অন্যতম বড় সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
যে শিশু একসময় ঘাসের ওপর বসে বর্ণমালা শিখেছে, তার হাতে এসএসসির সনদ পৌঁছানো নিছক একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ঘটনা নয়। বরং এটি প্রমাণ করে, সঠিক সহযোগিতা ও সুযোগ পেলে সুবিধাবঞ্চিত শিশুরাও অনেক দূর এগিয়ে যেতে পারে।
সন্ধ্যার পরও যে তরী থামে না
সন্ধ্যা নামলে ঘাসের ওপর বসানো ছোট ছোট বৃত্তগুলো ভেঙে যায়। শিশুরা বাড়ির পথ ধরে, স্বেচ্ছাসেবীরা ফিরে যান নিজেদের হল ও ব্যস্ততায়। মাঠে পড়ে থাকে কিছু চাপ-পড়া ঘাস, কয়েকটি খাতার স্মৃতি আর একঝাঁক শিশুর হাসির রেশ।
পরদিন হয়তো আবারও ক্লাস, পরীক্ষা কিংবা ব্যক্তিগত ব্যস্ততায় ডুবে যাবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু সপ্তাহের নির্দিষ্ট তিনটি বিকেলে তারা ফিরে আসবেন সেই সবুজ ঘাসের কাছে। আবার বসবে পাঠশালা, খুলবে বই, উচ্চারিত হবে নতুন কোনো বর্ণ।
‘তরী’র মাঝিরা জানেন, একটি শিশুর জীবন বদলে দেওয়া সহজ কাজ নয়। শুধু বই-খাতা হাতে তুলে দিলেই সব সমস্যার সমাধান হয় না। প্রয়োজন নিয়মিত সহযোগিতা, ভালোবাসা ও পাশে থাকার নিশ্চয়তা। তবু একটি শিশুকে বিদ্যালয়মুখী করা, তার হাতে বই তুলে দেওয়া কিংবা তাকে স্বপ্ন দেখতে শেখানো এসবই হতে পারে বড় পরিবর্তনের সূচনা।
বাগানের মতো এখানে সম্ভাবনার ফুল ফোটে, আবার নৌকার মতো এগিয়ে চলে স্বপ্নের যাত্রা। নদী নেই, তবু তরী ভাসে। দাঁড় নেই, তবু এগিয়ে যায়। কারণ, এই তরীর গন্তব্য কোনো জলসীমা নয় গন্তব্য এমন এক ভবিষ্যৎ, যেখানে প্রতিটি শিশুর জন্য থাকবে শিক্ষা, মর্যাদা ও স্বপ্ন দেখার সমান অধিকার।
সময়ের আলো/জোই