প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ২:৩৩ পিএম
জাবিতে ১ম বর্ষের ভর্তি আবেদন শুরু আজ । ছবি : সময়ের আলোআজ থেকে শুরু হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি আবেদন। এবার বিশ্ববিদ্যালয়ের ছয়টি ইউনিটের অধীনে ৩৭টি বিভাগ ও ইনস্টিটিউটে মোট ১ হাজার ৮৪৮টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বছরের ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে ভর্তি পরীক্ষা আয়োজনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। তবে, শুক্র ও শনিবার এবং সরকারি ছুটির দিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে না। পরীক্ষার চূড়ান্ত তারিখ, সময়সূচি ও আসনবিন্যাস পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইট admission.juniv.edu-তে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। আজ সকাল ১০টা থেকে শুরু হওয়া এ প্রক্রিয়া চলবে ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
ভর্তি পরীক্ষায় অংশ নিতে এ, বি, সি ও ডি ইউনিটের প্রতিটির জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। ই ইউনিটে ৭০০ টাকা এবং সি১ ইউনিট ও আইবিএ-জেইউর জন্য আবেদন ফি ৬০০ টাকা। এর সঙ্গে সব ইউনিটের আবেদন ফির ওপর ১ দশমিক ২ শতাংশ সার্ভিস চার্জ যুক্ত হবে।
আবেদন ফি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে পারবেন শিক্ষার্থীরা।
সময়ের আলো/এসকে